স্টিভ জবসের উত্তরসূরির নাম ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন। তিনি কবে কাজে ফিরবেন, তা অনেকটাই অনিশ্চিত। এ জন্য অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের শেয়ারহোল্ডাররা চাইছেন, দ্রুত স্টিভ জবসের উত্তরসূরির নাম ঘোষণা করা হোক। গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে অ্যাপলের সদর দপ্তরে শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠকে তাঁরা এ দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) টিম কুক। ১৭ জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন স্টিভ জবস। ৫৬ বছর বয়সী জবসের চিকিৎসা বাড়িতে চলছে। তিনি ফোনের মাধ্যমে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বুধবারের বার্ষিক বৈঠকে অ্যাপলের শেয়ারহোল্ডাররা বলেন, কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে খুব দ্রুত কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত। কোম্পানির ভাবমূর্তি ধরে রাখার জন্য এটা করা খুবই জরুরি হয়ে পড়েছে। পাম পালাকফ নামের একজন শেয়ারহোল্ডার বলেন, ‘স্টিভ জবসের অনুপস্থিতিতে অ্যাপলের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করা উচিত। পালাকফ ২০ বছর ধরে অ্যাপলের শেয়ার হোল্ডার। ২০০৪ সালে প্রথম অসুস্থতাজনিত ছুটি নেন জবস। সে সময় তাঁর অগ্ন্যাশয়ে ক্যানসার ধরা পড়ে। এরপর ২০০৯ সালে যকৃৎ প্রতিস্থাপনের জন্য দ্বিতীয় দফায় ছুটিতে যান। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান