স্টিভ জবসের চরিত্রে অভিনয় করবেন অ্যাস্টন কুচার
অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের জীবনী অনুসারে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’ খ্যাত অ্যাস্টন কুচার। স্টিভ জবসকে নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটির নাম হবে ‘জবস’। এনডিটিভি এক খবরে জানিয়েছে, একজন ভবঘুরে থেকে স্টিভ জবস কীভাবে অ্যাপল প্রতিষ্ঠা করলেন এবং তাঁর ব্যক্তিজীবন এ চলচ্চিত্রে ফুটে উঠবে। চলচ্চিত্রটির পরিচালনায় থাকবেন জশোয়া মাইকেল স্টার্ন আর চিত্রনাট্য লিখছেন ম্যাট হুইটলি। কম বাজেটের এ চলচ্চিত্রটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি হবে।স্টিভ জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি স্যানফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭০ সালে স্টিভ জবস ও তাঁর বন্ধু স্টিভ ওজনিয়াক মিলে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপল। প্রাথমিক সাফল্যের পরও স্টিভ জবসকে অ্যাপল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তবে পরে আবারও অ্যাপলে ফিরে এসেছিলেন তিনি। এরপর ফিরে এসে আইপড, আইম্যাক, আইফোন, আইপ্যাডের মতো যুগান্তকারী সব পণ্য উদ্ভাবন করেন। ২০১১ সালের ৫ অক্টোবর অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগে মারা যান স্টিভ জবস।স্টিভ জবসকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের চিত্রনাট্য বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি ম্যাট হুইটলি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, স্টিভ জবসের ব্যক্তিগত জীবন আর অ্যাপল প্রতিষ্ঠার চৌম্বক অংশগুলো এ চিত্রনাট্যে উঠে আসতে পারে। আর স্টিভ জবসকে ফুটিয়ে তুলবেন ৩৪ বছর বয়সী অ্যাস্টন কুচার। আগামী মে মাস থেকে চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হতে পারে।উল্লেখ্য, ওয়াল্টার আইজ্যাকসনের স্টিভ জবসের জীবনী নিয়ে আরেকটি চলচ্চিত্র তৈরির জন্য কাজ করছে সনি।