স্টিভ জবসের ব্রোঞ্জ মূর্তি
স্টিভ জবসের মৃত্যুর দুই মাস পার হয়ে গেছে। এখনো এতটুকু থিতিয়ে যায়নি বৈপ্লবিক এই প্রযুক্তিবিদের প্রতি মানুষের আগ্রহ। এই আগ্রহের কারণেই হাঙ্গেরির এক ভাস্কর গড়ছেন তাঁর সাত ফুট উঁচু একটি ব্রোঞ্জমূর্তি। এই ব্রোঞ্জমূর্তিতে জবসকে তাঁর চিরাচরিত মক টারটেল গলার কালো গেঞ্জি ও নীল রঙের জিনস পরা অবস্থাতেই দেখা যাবে।হাঙ্গেরীয় সেই ভাস্করের নাম এরনো টথ। তিনি এই ব্রোঞ্জমূর্তিতে স্টিভ জবসের মুখাবয়বের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।‘স্টিভ জবসের এই মূর্তিটি হবে প্রাণবন্ত। আমরা কোনো স্থাণু ধরনের মূর্তি তৈরি করতে চাই না। বিভিন্ন ভিডিও দেখে আমরা স্টিভ জবসের বক্তৃতা দেওয়ার স্টাইলগুলো লক্ষ করেছি। এই মূর্তিতে তেমনই একটি স্টাইল ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’ বলেছেন, এরনো টথ।এই মূর্তিটি তৈরিতে পৃষ্ঠপোষকতা করছে হাঙ্গেরীয় সফটওয়্যার প্রতিষ্ঠান গ্রাফিসফট। গ্রাফিসফটের স্বত্বাধিকারী গ্যাবর বোজার ৩০ বছর আগে কোনো একটি কাজে স্টিভ জবসের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই জবসের ভক্ত বনে যান তিনি।বুদাপেস্টের অফিস পার্কে ২১ ডিসেম্বর স্টিভ জবসের এই মূর্তিটি উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।