স্টিভ জবসের মৃত্যু থামিয়ে দিয়েছে ‘স্মার্ট ফোন যুদ্ধ’
গুগল এরই মধ্যে অবমুক্ত করতে চেয়েছিল নিজেদের তৈরি স্মার্ট ফোন। কিন্তু অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যু তাদের সেই উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে। স্টিভ জবসের প্রতি শ্রদ্ধা জানাতে এখনই কোনো স্মার্ট ফোন নিয়ে বাজারে আসছে না গুগল।এদিকে অ্যাপলের আরেক প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং ‘মোবাইল আনপ্যাকড’ নামের একটি সম্মেলন স্থগিত করেছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এ সম্মেলনটি হওয়ার কথা ছিল। ওয়ারল্যাস টেলিযোগাযোগ প্রযুক্তির ওপর এ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। এ সম্মেলনে স্যামসাংয়ের সঙ্গে গুগলেরও অংশ নেওয়ার কথা ছিল।স্যামসাং তাদের অফিসিয়াল ব্লগে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে দুই প্রতিষ্ঠানই সম্মেলনটি স্থগিত করতে সম্মত হয়েছে।’ স্যামসাং জানিয়েছে, ‘এ সম্মেলনের জন্য বর্তমান সময় একেবারেই সঠিক ছিল না।’স্টিভ জবসের মৃত্যুর কারণে অ্যাপলের চরম প্রতিদ্বন্দ্বী স্যামসাং ‘গ্যালাক্সি নেক্সাস’ নামের একটি নতুন স্মার্ট ফোনও এ মুহূর্তে বাজারে আনছে না। আইফোনের নতুন সংস্করণ বাজারে আসার সঙ্গে সঙ্গেই এই নতুন স্মার্ট ফোনটি অবমুক্ত করার কথা ছিল। গ্যালাক্সি নেক্সাস অ্যান্ড্রয়েডের একটি আনকোরা সংস্করণে তৈরি—যা এখন পর্যন্ত বাজারে অবমুক্ত হয়নি।আনুষ্ঠানিকভাবে না বললেও গুগল ও স্যামসাং প্রযুক্তিগুরু স্টিভ জবসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তা ছাড়া এ মুহূর্তে ব্যবসায়িকভাবেও আইফোনের প্রতিদ্বন্দ্বী কোনো স্মার্ট ফোন অবমুক্ত করা সঠিক সিদ্ধান্ত হবে না বলেও চিন্তা করেছেন তারা। ইকোনমিক টাইমস।