স্টিভ জবসের শেষ কথা ‘ওহ ওয়াও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস গত ৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষের দিনগুলোয় তিনি ক্যালিফোর্নিয়ার পালো আল্টো হাসপাতালে ছিলেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরা পাশে ছিলেন। শেষের দিনগুলোয় অনেক কথা বলেছিলেন জবস। তাঁর বোন মোনা সিম্পসন ১৬ অক্টোবর স্ট্যানফোর্ড মেমোরিয়াল চার্চে জবসের শেষের দিনগুলো সম্পর্কে স্মৃতিচারণা করেন। নিউইয়র্ক টাইমস পত্রিকা গত রোববার মোনার সেসব কথা প্রকাশ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোনা বলেন, হাসপাতালের বিছানায় শুয়ে কেমন জানি শিশুর মতো হয়ে গিয়েছিলেন জবস। তিনি কেবল প্রেম-ভালোবাসার কথা বলতেন। তিন সন্তানের কথা বলতেন। জবস বলেছিলেন তাঁর স্ত্রী লরেনের সঙ্গে তাঁর প্রথম দিনের সাক্ষাতের গল্পটি। স্ত্রী সম্পর্কে জবসের মন্তব্য, সে সত্যিই খুব সুন্দরী ও স্মার্ট। জবস এত দিন যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের কথাও খুব বলতেন। জবসের শেষ বাক্যটি ছিল ‘ওহ ওয়াও, ওহ ওয়াও, ওহ ওয়াও’। এর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মোনা আরও বলেন, তাঁর শেষ নিঃশ্বাসটি এমন ছিল যেন এক কষ্টকর ও দুঃসাধ্য ভ্রমণের অবসান হলো। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান