স্টিয়ারিং হুইলবিহীন গাড়ি!
ভবিষ্যতে গাড়ি চালাতে স্টিয়ারিং হুইল প্রয়োজন পড়বে না, চালক গাড়ির যেকোনো জায়গায় বসে স্টিয়ারিং হুইলের পরিবর্তে গেম খেলার উপকরণ দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন গাড়ি। জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটর কোম্পানি তাদের বিলাসবহুল গাড়ির কয়েকটি মডেলে বৈদ্যুতিক পদ্ধতিতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করেছে। এ প্রযুক্তিটির নাম ‘স্টিয়ার-বাই-ওয়্যার’। খবর রয়টার্সের।এ প্রসঙ্গে নিশান কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছরের মধ্যেই ইনফিনিটি ব্র্যান্ডের কয়েকটি মডেলের গাড়িতে ‘স্টিয়ার-বাই-ওয়্যার’ প্রযুক্তি যুক্ত করা হবে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে পরবর্তীতে জয়-স্টিক ব্যবহার করে গাড়ি চালানো পথ উন্মুক্ত হবে এবং ভবিষ্যতে কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়ি চালনার ফলে দুর্ঘটনা এড়ানো যাবে।বর্তমানে ব্যবহূত যান্ত্রিক পদ্ধতিতে গাড়ির স্টিয়ারিং হুইল ও চাকা যুক্ত থাকে, যার মাধ্যমে চালক হাত দিয়ে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে চাকা ও রাস্তার পরিস্থিতি সামলে সরাসরি গাড়ি চালান। ‘স্টিয়ার-বাই-ওয়্যার’ প্রযুক্তিতে কম্পিউটার নিয়ন্ত্রিত ইঞ্জিন কন্ট্রোল ইউনিটের মাধ্যমে নির্দেশনা পাবে গাড়ি।নিশানের প্রকৌশলীরা জানিয়েছেন, ‘স্টিয়ার-বাই-ওয়্যার’ প্রযুক্তির নিশান গাড়িগুলোতে প্রথমদিকে অতিরিক্ত ক্লাচ থাকবে, যার মাধ্যমে গাড়ির সমস্যায় বৈদ্যুতিক পদ্ধতি থেকে যান্ত্রিক পদ্ধতিতেও গাড়ির নিয়ন্ত্রণ করা যাবে।নিশানের প্রকৌশলী মাসারু সাটু এ প্রসঙ্গে জানিয়েছেন, ভবিষ্যতে গাড়ির যান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে সরে আসা সম্ভব হবে। চালকের জন্য আলাদা আসনের পরিবর্তে গাড়ির যেকোনো স্থানে বসেই নিয়ন্ত্রণ করা যাবে গাড়িটিকে। এমনকি, জয়স্টিক দিয়েও নিয়ন্ত্রণ করা যাবে গাড়ি।১৬ অক্টোবর নতুন এ প্রযুক্তিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নিশান। এ ধরনের প্রযুক্তি এর আগে ২০১১ সালে অওডি এ২ গাড়িতে যুক্ত করা হয়েছিল। তবে সেসময় এ প্রযুক্তিটি কেবল কনসেপ্ট কার হিসেবেই ছিল। নিশান এবার প্রযুক্তিটিকে বাণিজ্যিকভাবে নিয়ে আসছে।এ প্রযুক্তিটি রাডার, লেজার স্ক্যানার ও ক্যামেরা সমন্বয়ে কাজ করে। দুর্ঘটনার আশঙ্কা থাকলে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক চাপবে ‘স্টিয়ার-বাই-ওয়্যার’ প্রযুক্তির নিশান গাড়ি। নিশানের আরেক প্রকৌশলী টেটসুয়া লিজিমা জানান, আমরা গাড়ি সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে ভাবছি। গাড়ির যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে রোবটের চেয়েও উন্নত ব্যবস্থা যুক্ত হবে তাতে।