
দেশে ফিরেছি পাক্কা ১৪ বছর পর। ঝা-চকচকে সিডনি শহরে বসেও দেশটার কথা মনে পড়ত রোজ। পড়ালেখা, চাকরি মিলিয়ে আর আসা হয়নি।
আসার কদিন পরের কথা। একটা মাল্টিপ্লাগ দরকার হলে মা বলল স্টোররুমে থাকতে পারে, খুঁজে নিতে হবে। অগত্যা, ময়লাভরা রুমটা খুলতে হলো। হাতের কাছেই প্রয়োজনীয় জিনিসটা পেয়ে গেলাম। কিন্তু একি, রাজ্যের বিস্ময়কর ভালো লাগা অপেক্ষা করছিল স্টোররুমটাতে।
প্রথমেই চোখে পড়ল ভাঙা অ্যানটেনা। আজকাল জাদুঘরেও এর ঠাঁই নেই। মনে পড়ে, এটাতে অ্যালুমিনিয়ামের পাতিল, ঢাকনা—কত কিছু লাগিয়ে রীতিমতো সাধনা করতাম ভারতীয় দূরদর্শন দেখার জন্য। আলিফ লায়লা, টিপু সুলতান আর ক্রিকেট ম্যাচ তো ছিলই! আজ আমার এই স্মার্টফোনটাতে কত্ত চ্যানেল!
এরপর দেখি প্লাস্টিকের ক্যাসেট র্যাক। পাশেই পড়ে আছে শ খানেক অডিও ক্যাসেট। তারাভরা রাতে, জেল থেকে বলছি, প্রত্যাশা, তাজমহল, স্ক্রু ড্রাইভার, ঘৃণা—কত দিন পর নামগুলো দেখলাম। কী মধুর দিনগুলোই না ছিল সেই ‘ফিতা’ যুগে! কলেজ থেকে পালিয়ে সেসব কনসার্ট কত দেখেছি! ডাউনলোডের যুগে আজ নাকি নতুন সিডি, ডিভিডির যুদ্ধ করা লাগে। (‘শ্রাবণের মেঘগুলো’ গানটা শুনতে ইচ্ছা করছিল। ডাউনলোড করে নিলাম। দুই মিনিটও লাগল না)। খুব মজা লাগল দৈত্যাকার ক্যাসেট প্লেয়ার কাম রেডিওটা দেখে। বিদ্যুৎ চলে গেলে পাঁচ ব্যাটারির রেডিওটা হয়ে উঠত তথ্য-বিনোদনের একমাত্র মাধ্যম। ঠিক করলাম, আজ সন্ধ্যায় বিবিসি রেডিওটা শুনব। (নাকি ওয়েবসাইটে পড়ে নেব?)
খুব অবাক হলাম, ক্লাসে প্রথম এমপি থ্রি প্লেয়ার এনে কী ভাব নিতাম! আজ সেটার ব্যবহার নেই বললেই চলে। আলাদা ভিসিডি বা ডিভিডি প্লেয়ারও কি কেউ কেনে?
এগুলো সরানোর পর চোখে পড়ল সুতা দিয়ে বাঁধা একটি অক্সফোর্ড, আরেকটি সংসদ অভিধান। আহ্, ‘গুগল ট্রান্সলেশন’ না থাকলে খুব ক্ষতি ছিল না।
আরও কিছু পুরোনো বই সরাতেই চোখে পড়ল এক ঝুড়ি কার্ড। ঈদ, জন্মদিন, বিভিন্ন বার্ষিকী, নতুন বছর, যা-ই থাকুক, আজাদ, আর্চিস বা হল-মার্কের কার্ড না হলে চলতই না। খুব খারাপ লাগল। একসময়ের আবেগঘন মুহূর্তগুলো আজ স্টোররুমের ধুলায় ভর্তি।
একটু পরেই খুব হাসি পেল খালি রিল, নেগেটিভ আর নষ্ট একটা ক্যামেরা দেখে। আজকাল সবাই হাতে হাতে ক্যামেরা মোবাইল নিয়ে ঘোরে, যখন ইচ্ছা ছবি তোলে, সেই ছবি আপলোড করে। আর তখন অন্ধকার কামরায় রিল লাগানো নিয়ে কী ঝক্কি! (আমার মুঠোফোনের ক্যামেরাটি ১০ মেগা পিক্সেল!)
আরে, এ যে দেখি টিভি গাইড (বলা ভালো, বিটিভি গাইড)! ছোট্ট এই দেশে যে কয়টা চ্যানেল, গাইড বানাতে চাইলে আজ এ রকম ৩০টি বই লাগবে। খুব মজা লাগল নিনজা টার্টলস, মীনা-রাজু, ম্যাকগাইভার, দি এটিম, কোথাও কেউ নেই, আলিফ লায়লা, ‘ছায়াছন্দ’, ‘ইত্যাদি’, ‘আনন্দমেলা’, ‘নতুন কুঁড়ি’ নামগুলো দেখে।
সিনেমার নামগুলো আরও মজা করে লেখা। শুক্রবার বেলা ৩.৩০: পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, টাকা-পয়সা, শ্রেষ্ঠাংশে: জসীম, রোজিনা, আনোয়ার হোসেন, দিলদার প্রমুখ। আরেকটা ইউনিক জিনিস, ‘আলেখ্যানুষ্ঠান’। নামটা জটিল লাগত, আজও লাগছে।
আহা রে, সাধের টেলিফোন ইনডেক্স! আমাদের টিঅ্যান্ডটি লাইনটা আজ আর নেই। খুব মিস করছি।
পুরোনো খামগুলো দেখে আজ আবার অনেক দিন পর চিঠি লিখতে ইচ্ছে করছে। সেই যে স্কুলে শিখিয়েছিল, ‘টাকা চাহিয়া পিতার কাছে পত্র’, কিংবা ‘এই গ্রীষ্মের ছুটি কীভাবে অতিবাহিত করিবে, তাহা জানাইয়া বন্ধুর কাছে পত্র’ ইত্যাদি।
চিঠি হয়তো লিখব, কিন্তু ডাকঘরগুলো কী আজও আছে? লিখব কাকে? যাকে লিখব, তার কি পড়ার সময় হবে?
আহাদ আদনান
মাতুয়াইল, ঢাকা