স্তন ক্যানসার নিরাময়ে ই-হেলথ কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যানসারের রোগী থাকবেন খুলনা বা বাগেরহাটে। আর চিকিৎসক থাকবেন যুক্তরাষ্ট্রে। আগেই যুক্তরাষ্ট্রে চলে যাবে রোগীর রোগসংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রতিবেদন। ছবি আকারে যাবে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট। দুই প্রান্তের দুই চিকিৎসক ও রোগী কথা বলবেন। এর পরই পাওয়া যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞের পরামর্শ। এমন করেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে স্তন ক্যানসার পরীক্ষা-নিরীক্ষা ও নিরাময়ে একটি সমন্বিত ই-হেলথ কর্মসূচি চালু হয়েছে খুলনায়। সোনাডাঙ্গায় ‘আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার সেন্টার’ নামের এ কেন্দ্র থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্তন ক্যানসারের চিকিৎসাসেবা দেওয়া হবে।স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল শনিবার এ কেন্দ্রের উদ্বোধন করেন। দুপুরে তিনি এ কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সহযোগী পরিচালক নরম্যান কোলম্যান ও উইসকনসিনের মারকুয়েট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ আহমেদ ইকবালের সঙ্গে ভিডিও সম্মেলনে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ওহাইও-ভিত্তিক আন্তর্জাতিক ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক রিচার্ড লাভ। উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি মিলিত উদ্যোগের সফল একটি উদাহরণ এই কার্যক্রম। তথ্যপ্রযুক্তির ব্যবহার স্বাস্থ্য খাতে উন্নত সেবা দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন। ভিডিও সম্মেলন সঞ্চালনা করেন ‘আমাদের গ্রাম ব্রেস্ট কেয়ার’-এর পরামর্শক রুমানা দৌলা। সম্মেলনে উপস্থিত ছিলেন পরামর্শক শাহনাজ চৌধুরী, মোশাহিদা সুলতানাসহ অনেকে।খুলনায় আমাদের গ্রামের এ কেন্দ্রে প্রথমেই রোগীর তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হয়। এরপর রোগীর আলট্রাসনোগ্রাফি করা হয়। এ যন্ত্র থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আলট্রাসনোর প্রতিবেদন বিশেষজ্ঞের কাছে পাঠানো যায়। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এ কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিডিও সম্মেলন করার সুযোগ থাকছে। রোগীর তথ্য সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির জন্য বিশেষ ইলেকট্রনিক মেডিকেল রিপোর্ট নামে সফটওয়্যারও তৈরি করা হয়েছে। আমাদের গ্রাম ২০০৬ সালে বাগেরহাটে স্তন ক্যানসার নিরীক্ষণ ও চিকিৎসা কার্যক্রম শুরু করে। সংস্থার পরিচালক রেজা সেলিম জানান, এখন খুলনা, যশোর ও গোপালগঞ্জেও এ কার্যক্রম চলছে। এ পর্যন্ত ছয় হাজার নারীর স্তন ক্যানসার নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৫ জন ক্যানসার রোগীর চিকিৎসা করা হয়েছে।একই দিন বিকেলে আমাদের গ্রামের উদ্যোগে খুলনায় ‘স্তন ক্যানসার নিরাময়ে উদ্ভাবনের গুরুত্ব’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান, পুলিশ কমিশনার হেলাল উদ্দিন পাটোয়ারী, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আলী আসগর, সহযোগী অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হোসেন, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে। এতে বক্তারা স্তন ক্যানসারের মতো অন্যান্য রোগের চিকিৎসাতেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানান। সেমিনারে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে শুভেচ্ছাস্মারক দেওয়া হয়।—ভ্রাম্যমাণ প্রতিনিধি