স্তন ক্যানসার নিয়ন্ত্রণে তুলসীর জিনপ্রকৌশল
ভেষজ উদ্ভিদ হিসেবে তুলসীর খ্যাতি রয়েছে। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এবার এই উদ্ভিদের ঔষধি গুণ বৃদ্ধির লক্ষ্যে জিনপ্রকৌশল পদ্ধতি ব্যবহার করছেন। কেন্টাকি অঙ্গরাজ্যের ওয়েনসবোরো শহরের একটি গবেষণাগারে ওই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্টার্ন কেন্টাকি ইউনিভার্সিটির উদ্ভিদ অণুজীববিদ্যা বিভাগের শিক্ষক চন্দ্রকান্ত এমানি। তিনি বলেন, তুলসীপাতার ইউজেনল প্রয়োগের মাধ্যমে টিউমার কোষের বৃদ্ধি বন্ধ করে দেওয়া সম্ভব। পরীক্ষায় এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।
ওই বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, তুলসীতে রয়েছে ব্যাপক ঔষধি গুণসম্পন্ন যৌগ ইউজেনল। স্তন ক্যানসার নিয়ন্ত্রণে এই যৌগ বিশেষ কার্যকর হতে পারে। তুলসী থেকে আরও বেশি বেশি ইউজেনল উৎপাদন বা সংগ্রহ করতে পারলে উদ্ভিদটি ক্যানসার-প্রতিরোধী রাসায়নিক পদার্থের ভান্ডারে পরিণত হবে।
গবেষণা প্রকল্পটির পরবর্তী ধাপে ক্যানসার চিকিৎসায় তুলসী বা ইউজেনলের কার্যকারিতা যাচাই করে দেখা হবে। এমানি বলেন, প্রাচ্যে যুগ যুগ ধরে তুলসীর ব্যবহার প্রচলিত রয়েছে, তবে সেটি সরাসরি ওষুধ হিসেবে নয় বরং চিকিৎসাসহায়ক হিসেবে। পিটিআই।