স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় ই-হেলথ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের ব্রেস্ট কেয়ার ই-হেলথ প্রকল্প স্তন ক্যানসার নির্ণয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এর আওতায় খুলনা শহরে একটি বিশেষায়িত ব্রেস্ট কেয়ার সেন্টার ও ব্রেস্ট কেয়ার গবেষণাকেন্দ্র এবং বাগেরহাট, টুঙ্গিপাড়া ও যশোরে স্তন ক্যান্সার নিরীক্ষণ এবংপরামর্শ দেওয়ার জন্য একটি করে প্রাথমিক ব্রেস্ট কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। স্তন ক্যান্সার নিরীক্ষা ও চিকিৎসার এই পুরো প্রক্রিয়া পরিচালিত হয় তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্রেস্ট ক্যানসার ই-হেলথ প্রকল্পের ওপর নির্মিত ভিডিওচিত্রে বিভিন্ন বিষয় তুলে ধরেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবির। বিস্তারিত বর্ণনা দেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। সম্মেলনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্রেস্ট ক্যানসার গবেষণা ফাউন্ডেশনের বৈজ্ঞানিক পরিচালক রিচার্ড আর লাভ, ক্যানসার বিশেষজ্ঞ এ বি এফ এম করিম, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক মোশাহিদা সুলতানা। সম্মেলনে জানানো হয়, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্যপ্রযুক্তির সহায়তায় উন্নত চিকিৎসাসেবার মাধ্যমে স্তন ক্যানসারজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমিয়ে আনা। এ পর্যন্ত প্রায় ছয় হাজার নারীকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৭৮ জন রোগীকে সরাসরি চিকিৎসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে টেলিমেডিসিনের মাধ্যমে উন্নত সেবা দেওয়ার পাশাপাশি প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এই সেবা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে বিশেষ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) পদ্ধতি, যা ওয়েবসাইটের মাধ্যমে রোগীকে তথ্য ও চিকিৎসা পরামর্শ পেতে সাহায্য করবে। আমাদের গ্রামের গ্রামের ই-হেলথ প্রকল্পে ভিডিও সম্মেলনের মাধ্যমে ওহাইওর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রয়েছে। ২ অক্টোবর খুলনায় এই প্রযুক্তি ব্যবস্থার উদ্বোধন করা হবে।সম্মেলনে এ বি এফ এম করিম তাঁর লেখা অর্ধেক মানবী উপন্যাস অবলম্বনে নির্মীয়মাণ চলচ্চিত্র থেকে যে আয় আসবে, তা এই প্রকল্পে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেন। —নুরুন্নবী চৌধুরী