স্তন ক্যান্সার পরীক্ষা ও চিকিৎসায় ই-হেলথ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন ক্যান্সার নিরীক্ষা, পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে ই-হেলথ সুবিধা চালু করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। ২৬ ফেব্রুয়ারি খুলনায় আমাদের গ্রামের কার্যালয়ে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করার মাধ্যমে এ সুবিধার উদ্বোধন করা হয়। খবর বিজ্ঞপ্তির। ব্র্যাকনেটের অংশীদারিত্বে এ কার্যালয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। এর ফলে তৃণমূল অঞ্চল থেকে পাওয়া স্তন ক্যান্সার নিরীক্ষা, পরীক্ষার সব তথ্য দ্রুত পরামর্শ নেওয়ার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কাছে পাঠানো যাবে।এছাড়াও ওয়েবভিত্তিক ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) ব্যবস্থা চালু করেছে আমাদের গ্রাম। ফলে চিকিৎসার সব তথ্য ইন্টারনেটে থাকবে। রোগী বা চিকিৎসক তাঁদের চাহিদা মতো এসব তথ্য ব্যবহার করতে পারবেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ইএমআর ব্যবস্থা তৈরি করে দিয়েছে। ইএমআরে স্তন ক্যান্সারে নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার প্রতিটি ধাপের তথ্য রাখা হবে। এসব তথ্য আমাদের গ্রামের অংশীদার যুক্তরাষ্ট্রের ওহাই স্টেট বিশ্ববিদ্যালয় ও কানাডার কয়েকজন বিশেষজ্ঞ তাৎক্ষণিকভাবে পাবেন এবং বাংলাদেশি চিকিৎসকদের দরকারি পরামর্শ দিতে পারেবন। আমাদের গ্রাম প্রকল্পে প্রশিক্ষিত একদল কর্মী ইএমআর ব্যবস্থা পরিচালনা করছে।