ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) আসন সংখ্যা ১০ শতাংশ বাড়িয়েছে ভর্তি পরীক্ষা কমিটি। এর ফলে ১০০০ আসনের স্থলে এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ১১০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
এদিকে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ ২৫ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ফারুক আহম্মদ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগে সকাল নয়টা থেকে বেলা ১টার মধ্যে উপস্থিত হয়ে রিপোর্টিং করতে হবে। ওই দিন রিপোর্টিং শেষে সন্ধ্যায় ছয় অনুষদে আসন বৃদ্ধির পরে মোট শূন্য আসন ২৫৫টির বিপরীতে মেধা ক্রমানুসারে অনুষদ বণ্টন করে ফল প্রকাশ করা হবে। পরদিন ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।