ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের ক্যাম্পাসের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সোয়া নয়টার দিকে বৈঠক শেষ হয়। এতে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
এ বিষয়ে উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে এবং অবরোধের কারণে আমরা ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।’
এর আগে ১৬ ও ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সর্বশেষ ৩০ নভেম্বর ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও আজ বুধবার আবারও তা স্থগিত করা হলো।