স্নানঘরে গাছগাছালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির ঝাপটা আর অল্প আলো-বাতাস—এসব সামলাতে স্নানঘরের গাছগুলোর চাই একটু বাড়তি যত্ন। ছবি: নকশা
পানির ঝাপটা আর অল্প আলো-বাতাস—এসব সামলাতে স্নানঘরের গাছগুলোর চাই একটু বাড়তি যত্ন। ছবি: নকশা

একটা সবুজ ছোট্ট গাছ, সাজিয়ে রাখার সঙ্গে সঙ্গে স্যাঁতসেঁতে পরিবেশ হয়ে উঠল অনেকটাই সজীব। বলছি স্নানঘরের কথা। ঘরে তো আলো-বাতাস ভালোই খেলে, কিন্তু বেশির ভাগ বাড়িতেই স্নানঘরের জানালাটা হয় অতি ছোট। পছন্দের একটা গাছ রেখে দিন স্নানঘরে বেসিনের কোনায় বা একটা ঝুলন্ত টবে। দেখবেন ঘরটাই বদলে গেছে।
গাছ নাহয় রাখলেন। কিন্তু গাছগুলোর যত্নও তো ঠিকমতো নিতে হবে। তা না হলে একসময় ওগুলো হারাবে প্রাণ। কীভাবে স্নানঘরে রাখা গাছের যত্ন নেবেন, সেসবের খুঁটিনাটি জানাচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনার গুলশান নাসরীন চৌধুরী।

পানির ঝাপটা আর অল্প আলো-বাতাস—এসব সামলাতে স্নানঘরের গাছগুলোর চাই একটু বাড়তি যত্ন। ছবি: নকশা
পানির ঝাপটা আর অল্প আলো-বাতাস—এসব সামলাতে স্নানঘরের গাছগুলোর চাই একটু বাড়তি যত্ন। ছবি: নকশা

‘স্নানঘরে গাছ রাখলে ভেজা স্নানঘরও অনেকটা শুকনো আর সজীব লাগে। তবে যেহেতু স্নানঘরে আলো-বাতাস কম আসে তাই এখানকার গাছের যত্নও নিতে হয় একটু বেশি। নিয়মিত যত্ন নিলে গাছগুলো টিকবে অনেক দিন।’ বলেন তিনি।
 গাছ বেসিনে অথবা জানালার কাছাকাছি রাখার চেষ্টা করুন। যদি আপনার স্নানঘরটা বেশ বড়সড় হয়, তাহলে একটা কোনায় ছোট একটা টবেও রাখতে পারেন গাছ।
 স্নানঘরে সচরাচর ইনডোর প্ল্যান্ট রাখা হয়। তাই বলে এগুলো দিনের পর দিন ভেতরে রেখে দিলে হবে না। মাঝেমধ্যে বাইরে বের করে রাখুন।
 বাড়িতে দুই রকম গাছ রাখুন। সাত দিন পর এক রকম গাছ স্নানঘরে রেখে অন্য রকমটি বারান্দায় রাখুন। সাত দিন পর আবার পাল্টে দিন।
 কিছু কিছু মানিপ্ল্যান্ট খুব কম রোদে বেশ টিকে থাকে। স্নানঘরে রাখার জন্য সেসব গাছই বেছে নিন।
 স্নানঘরের গাছগুলো বের করে একেবারে চড়া রোদে রেখে দেবেন না। হালকা রোদ আসে এমন জায়গা বা বারান্দায় রাখতে পারেন।
 স্নানঘরের আবহাওয়া যেহেতু দিনভরই আর্দ্র থাকে, তাই এখানকার গাছে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রতিদিন একেবারে অল্প পরিমাণে অথবা দুই দিন পরপর অথবা মাটি শুকনা হলে তবেই পানি দিন গাছের গোড়ায়।
 স্নানঘরের গাছে দেওয়ার জন্য জৈব সার ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে ইউরিয়া সারও দিতে পারেন। আবার কেমিক্যাল ট্যাবলেট কিনে একটা গাছের গোড়ায় একটা করে ট্যাবলেট দিয়ে দিতে পারেন।
 গাছের জন্য বাড়িতেও তৈরি করে নিতে পারেন সার। একটা বালতিতে তিন ভাগের এক ভাগ মাটি দিন। তারপর তার মধ্যে সবজি বা ফলের উচ্ছিষ্ট অংশ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন। মাস খানেক পরে তৈরি হয়ে যাবে কম্পোস্ট সার। এবার সাধারণ মাটি এবং এই সার সমপরিমাণে মিশিয়ে দিতে পারেন গাছের গোড়ায়।
 স্নানঘরে রাখার গাছ সহজে নষ্ট হয় না। তবু মাঝেমধ্যে যদি গাছের কোনো একটি পাতা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা ফেলে দেওয়াই ভালো।
 গাছের গোড়ায় যেন কোনো ময়লা না জমে, সেদিকে নজর রাখা দরকার।
 স্নানঘরে গাছ রাখলে সিরামিকসের পাত্রে রাখলেই ভালো। মাটির পাত্রে স্যাঁতসেঁতে পরিবেশে শেওলা ধরে যায়, আবার মার্বেল পাথরের পাত্র হলে দাগ পড়ে যায়।
 মাঝেমধ্যে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিন।
 স্নানঘরে কৃত্রিম গাছ রাখলে সেটাও ১৫ দিন পরপর পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে অনেক দিন ভালো থাকবে।
স্নানঘরে রাখার জন্য আপনি বাজারে পাবেন নানান ধরনের গাছ। ঢাকার বসুন্ধরা সিটির নিচতলায় পাবেন ঘরে রাখার জন্য নানারকম গাছ। ব্র্যাক নার্সারিতে পাবেন নানারকম ক্যাকটাস, অর্কিড ও অন্যান্য গাছ। দেয়ালে লাগানোর জন্য গাছও পাবেন এখানে। দাম ১৫০ টাকা থেকে শুরু। এ ছাড়া নার্সারিগুলো থেকেও বেছে নিতে পারবেন পছন্দের গাছ ও মানানসই পাত্র। চাইলে স্নানঘরে রাখার জন্য বেছে নিতে পাবেন বট বা পাকুড়ের বনসাই। এসব বনসাই কম রোদেও দীর্ঘদিন টিকে থাকে। ছোট টবে করে রেখে দিন স্নানঘরের কোনো এক জায়গায়। বট ও পাকুড়ের বনসাইয়ের দাম ৮০০ টাকা থেকে শুরু।