স্নিকার স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সময়ে আরাম ও ফ্যাশন দুই-ই পাবনে স্নিকারে। মডেল: শুভ, জুতা: লোটো ছবি: সৈকত ভদ্র
এই সময়ে আরাম ও ফ্যাশন দুই-ই পাবনে স্নিকারে। মডেল: শুভ, জুতা: লোটো ছবি: সৈকত ভদ্র

প্রিয় জিনসটির সঙ্গে মানানসই একটা টি-শার্ট তো পাওয়া গেল। পায়ে কী পরা যায়? পুরোনো স্যান্ডেলটা পরেই বের হয়ে যাবেন? তা কেন, স্নিকার আছে না! শুধু টি-শার্ট নয়, হালফ্যাশনে হুডির সঙ্গেও স্নিকার মানিয়ে যায় বেশ। এমনকি ক্যাজুয়াল ধাঁচের ব্লেজারের সঙ্গেও পরে ফেলতে পারেন এটি।

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, ক্লাসে যাওয়ার সময় পোশাক তো সাদামাটাই থাকে। তো সে সময় পায়ে গলিয়ে নিন এক জোড়া স্নিকার। এই ঋতুতে পরেও আরাম। স্যান্ডেল পরলে খোলা পায়ে ঠান্ডা লাগার সমস্যা। তার ওপর ধুলাবালি তো আছেই। এই সময়ে সহজ সমাধান তাই স্নিকার।

কিছুদিন আগে শুধু ছেলেদেরই স্নিকার পরতে দেখা যেত। কিন্তু হাল ফ্যাশনে তরুণীরাও ব্যবহার করছেন স্নিকার। স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত নাইম স্নিকার ব্যবহারের কারণ জানতে চাইলে বলেন, ‘পরে মজা, আর সবচেয়ে বড় কথা হলো, এটি পরে আপনি হাঁটতে কিংবা দৌড়াতেও পারবেন, মানে সব সময় ব্যবহারের জন্য এটি অতুলনীয়।’

স্নিকারের সোল তৈরি হয় মূলত রাবার দিয়ে। তাই পরে যেমন আরাম, তেমনি পানি-কাদায় ব্যবহারেও সুবিধা।

স্নিকারেই বৈচিত্র্য

পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে চান? প্রায় সব রঙের দেখা মিলবে বাজারে। দু-তিন রঙের মিশেলেও পাবেন। নকশায় আছে বৈচিত্র্য। মেয়েদের জন্য গোলাপি, লাল ইত্যাদি রঙের প্রাধান্য পাবেন স্নিকার।

কোথায় পাবেন

ঢাকার এলিফ্যান্ট রোড, উত্তরা, মিরপুর, নিউমার্কেট, ধানমন্ডি, গুলশান, পল্টনের বড় বড় শপিং মলে আপনি পেয়ে যাবেন পছন্দের স্নিকার। তা ছাড়া গুলিস্তান, ফুলবাড়িয়া, বনানী, কারওয়ান বাজার—এসব এলাকার ফুটপাতেই পাবেন কম দামে ভালো স্নিকার। তবে সে ক্ষেত্রে কেনাকাটায় আপনাকে হতে হবে একটু সাবধানী।

দরদাম

ব্র্যান্ড, গুণগত মান, আর জুতা তৈরির উপকরণের ওপরই নির্ভর করে জুতার দরদাম। ব্র্যান্ডের স্নিকারের দাম শুরু হতে পারে ৯০০ টাকা থেকে। জেনিসে স্নিকার ও কেডস পাওয়া যাবে ৮০০-৩০০০ টাকায়, বাটায় ৫৯০-৭০০০, অ্যাপেক্সে ৯০০-৩৫০০ টাকায়। আর লোটো ব্র্যান্ডের জুতার দাম ১৬০০-৪৫০০ টাকা।