স্নোডেনের ই-মেইলে টুইটারের ৪৭ গিগাবাইট নোটিফিকেশন!

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইন্টারনেট নজরদারি-বিষয়ক তথ্য ফাঁস করে দেওয়া এনএসএর সাবেক কর্মী ও আলোচিত ব্যক্তি এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি টুইটারে যোগ দিয়েছেন। খুদে ব্লগ লেখার জনপ্রিয় এই ওয়েবসাইটে যোগ দেওয়ার চার দিনের মধ্যেই তাঁর অনুসারীর সংখ্যা হয়ে গেছে ১৩ লাখের বেশি। আর টুইটারে যুক্ত হওয়ার পর টুইটারের ফলো, ডাইরেক্ট মেসেজ, ফেবারিট, রিটুইট নোটিফিকেশনেরই যে ই-মেইল এসেছে তার আকার ৪৭ গিগাবাইট! গতকাল শনিবার এক টুইটে বিষয়টি জানিয়েছেন স্নোডেন।
স্নোডেন উল্লেখ করেন, ‘টুইটারে যুক্ত হওয়ার পর নোটিফিকেশন ই-মেইল বন্ধ করতে ভুলে গিয়েছিলাম! আর তাতেই ৪৭ গিগাবাইট টুইটার নোটিফিকেশন চলে এসেছে।’ স্নোডেনের এ বার্তাটি (টুইট) ১৮ হাজারের বেশি রিটুইট হয়েছে এবং ৩৪ হাজার ফেবারিট হয়েছে। টুইটারে শুধু একটি অ্যাকাউন্টেরই অনুসারী হয়েছেন স্নোডেন। আর মজার বিষয় হচ্ছে, সে অ্যাকাউন্টটি হচ্ছে এনএসএর!
টুইটার