স্নোডেনের নতুন মিশন!

মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন দেশটির গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিলেন। সম্প্রতি এক হ্যাকিং সম্মেলনে বিশ্বজুড়ে সরকারি নজরদারি কর্মসূচি ঠেকানোর জন্য সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক সিটিতে হ্যাকার্স অন প্ল্যানেট আর্থ বা হোপ নামের সম্মেলনে ভিডিও বার্তা পাঠান স্নোডেন। গত শনিবার মস্কো থেকে একটি ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে উপস্থিত দর্শকদের নিজের লক্ষ্যের কথা জানান স্নোডেন। তিনি বলেন, সরকারি নজরদারি ঠেকানোর মতো প্রযুক্তির প্রচারণায় তিনি অধিকাংশ সময় দেবেন এমনকি নজরদারি এড়িয়ে মানুষ যাতে গোপনে ও এনক্রিপ্ট করা বার্তা পাঠাতে পারে সে বিষয়টি নিয়েও কাজ করবেন তিনি।
স্নোডেন বলেন, ‘এই ঘরে যাঁরা আছেন তাঁদের প্রত্যেকেরই ভবিষ্যত্ সুরক্ষা করার সক্ষমতা রয়েছে। আমরা প্রোগ্রাম ও প্রোটোকলের যে বিষয়গুলোতে প্রতিনিয়ত নির্ভর করি সেই অধিকারগুলো আমাদের অর্জন করতে হবে। আমার ভবিষ্যত্ কাজ হবে সরকারি নজরদারি ঠেকানোর এমন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে।’
হোপ হ্যাকিং সম্মেলনে সরকারি নজরদারি ঠেকানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখানে ‘সিকিউরড্রপ’ নামে একটি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। সিকিউরড্রপ ব্যবহার করে বেনামি সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য ফাঁস করে দেওয়ার সুযোগ রয়েছে। সম্মেলনে হ্যাকিং, নজরদারি ঠেকানোর প্রযুক্তি প্রভৃতি বিষয়ে ১০০টির বেশি প্রেজেন্টেশন দেওয়া হয়।