
মোবাইল ফোনে বিনা মূল্যে এসএমএস আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন (অ্যাপ) স্ন্যাপচ্যাটের অনেক ব্যবহারকারীর প্রায় এক লাখ ছবি চুরি হয়ে যাওয়া নিয়ে চলছে তোলপাড়। সম্প্রতি একদল কম্পিউটার হ্যাকার স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি চুরি করে। আর শিগগিরই এসব ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে বলেও জানা গেছে। আর এমন অবস্থায় অনেক ব্যবহারকারীই চিন্তায় পড়েছেন। এসব ছবির মধ্যে অনেকের একান্ত ব্যক্তিগত ছবি থাকায় বিপাকে পড়েছেন অনেক ব্যবহারকারী৷ বিশেষ করে স্ন্যাপচ্যাটে থাকা মোট ব্যবহারকারীর প্রায় অর্ধেক ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ছবি চুরির বিষয়ে অভিভাবকেরাও চিন্তিত।
বিশেষ করে মোবাইলে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এ নতুন অ্যাপটি ফেসবুক ও টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে চলছে। এ অ্যাপের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য এর জনপ্রিয়তার অন্যতম কারণ। স্ন্যাপচ্যাটের মাধ্যমে পাঠানো ছবি বা ভিডিও সাধারণত একটি নির্দিষ্ট সময়ের পর গ্রাহক আর দেখতে পারে না। স্বয়ংক্রিয়ভাবে তার ইনবক্স থেকে মুছে যায়। এর ফলে স্ন্যাপচ্যাটের জনপ্রিয়তাও অনেক বেশি।
তবে সাম্প্রতিক ছবি চুরির এ বিষয়ে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহারকে দায়ী করেছেন স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। তাদের মতে, এ ধরনের অ্যাপস মোবাইলের সুরক্ষাব্যবস্থাকে যেমন হুমকির মুখে ফেলে দেয়, তেমনি হ্যাকাররা সহজেই এসব সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত ছবি চুরি করে অনলাইনে ছেড়ে দেওয়ার সুযোগ পায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্ন্যাপচ্যাট সার্ভার বেশ নিরাপদ এবং এতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা রয়েছে। তাই চাইলেই সহজেই হ্যাকররা এ সার্ভার দখল করতে পারবে না। তাই অনেকই নিশ্চিত হয়েই স্ন্যাপচ্যাট জানিয়েছে, তাদের সার্ভার ওই ফাঁসের উৎস নয়।
তৃতীয় পক্ষের অ্যাপস কিংবা সফটওয়্যার ব্যবহার করে ছবি আদান-প্রদান করায় ব্যবহারকারীর ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হয়। এ কারণে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের শুরুতেই এ বিষয়ে দেওয়া শর্তের তৃতীয় পক্ষের যেকোনো অ্যাপস কিংবা সফটওয়্যার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে তৃতীয় পক্ষের ওপর দায় চাপালেও স্ন্যাপচ্যাটই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে পারছে না বলে অভিযোগ অনেক ব্যবহারকারীর।
—বিবিসি ও দ্য টেলিগ্রাফ