স্ন্যাপডিলে ফোন চেয়ে হাতে পেলেন কাঠ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে আইফোন ফরমায়েশ দিলেও গ্রাহকের কাছে প্যাকেটে করে কাঠের টুকরো গেছে।
অনলাইনে আইফোন ফরমায়েশ দিলেও গ্রাহকের কাছে প্যাকেটে করে কাঠের টুকরো গেছে।

ঘরে বসেই শখের আইফোন কেনার জন্য অনলাইনে ফরমায়েশ দিয়েছিলেন ভারতের পুনের দর্শন কাবরা। কিন্তু প্যাকেট খুলে তো তাঁর মাথায় হাত! সেই কাঙ্ক্ষিত চকচকে আইফোন কোথায়, এ যে একটা কাঠের টুকরা! প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক খবরে এ তথ্য জানিয়েছে।
ভারতে ই-কমার্সের প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় স্ন্যাপডিল। অনলাইনে বিভিন্ন পণ্য কেনার জন্য স্ন্যাপডিল থেকেই ফরমায়েশ দেন অনেকেই। পুনের অন্ধ্র এলাকার দর্শন কাবরা ৭ ডিসেম্বর দুটি আইফোন ৪এস কেনার জন্য ফরমায়েশ দেন। তাঁর বাড়িতে ১১ ডিসেম্বর পণ্য নিয়ে হাজির হন সরবরাহকারী। নতুন আইফোন হাতে নেওয়ার জন্য তর সইছিল না কাবরার। ওই সরবরাহকারী চলে যাওয়ার আগেই প্যাকেট খুলে ফেলেন তিনি। তারপর তো তার চোখ ছানাবড়া। আইফোনের বদলে যে কাঠের টুকরা ভর্তি রয়েছে বাক্সের ভেতর।
অবশ্য কাবরার সৌভাগ্যই বলতে হবে। কারণ তিনি ‘ক্যাশ অন ডেলিভারি’ বা পণ্য বুঝে পেলে তবে অর্থ পরিশোধের সুবিধাটি বেছে নিয়েছিলেন। এতেই তাঁর বেঁচে গেছে ৪০ হাজার ৫০৮ রুপি।
এ ঘটনা জানাজানি হলে স্ন্যাপডিল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
অনলাইনে পণ্য কেনার পর তা বুঝে নেওয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন কাবরা।