স্পর্শের অনুভূতি দেবে গেম কন্ট্রোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও গেম খেলার সময় গেমারকে কখনো গুলি চালাতে হয়, কখনো হামাগুড়ি দিতে হয়, কখনো বা পানিতে বড়শি ফেলে মাছ ধরতে হয়। গেমের পরিবেশ ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেন গেমাররা। গেমের পরিবেশ ও চরিত্রের সঙ্গে সত্যিকারের অনুভূতি যুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। সম্প্রতি তাঁরা এমন একটি গেম কন্ট্রোলার উদ্ভাবন করেছেন, যা গেমারকে গেমের পরিবেশের সত্যিকার অনুভূতি এনে দেবে। ইউনিভার্সিটি অব উটাহর প্রকৌশলীদের বরাতে বিবিসি এ তথ্য দিয়েছে।কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হ্যাপটিকস সিম্পোজিয়ামে প্রকৌশলীরা নতুন প্রযুক্তির এ ভিডিও গেম কন্ট্রোলারটি দেখিয়েছেন। গেম কন্ট্রোলারটি গেমারের বৃদ্ধাঙ্গুলির ত্বকে স্পন্দন সৃষ্টি করার মাধ্যমে গেমের ভিন্ন ভিন্ন পরিবেশে চরিত্রের বিভিন্ন আচরণের অনুভূতি স্পর্শের মাধ্যমে জানিয়ে দিতে সক্ষম।কন্ট্রোলারটিতে রয়েছে বৃদ্ধাঙ্গুল রাখার কম্পনশীল অংশ। এর মধ্যে একটি ছোট লাল রঙের বোতামসদৃশ বিন্দু রয়েছে, বিন্দুটি গেমের বিভিন্ন চরিত্রের আচরণ ও নড়াচড়া অনুসারে বৃদ্ধাঙ্গুলিতে স্পর্শের অনুভূতি জাগিয়ে দেবে। যেমন বড়শি ফেলে মাছ ধরার সময় মাছ বড়শিতে টান দিলে যে অনুভূতি হয়, সে অনুভূতি টের পাওয়া যাবে।কন্ট্রোলারটিতে আপাতত পাঁচ ধরনের অনুভূতি যুক্ত করার কথা জানিয়েছেন গবেষকেরা। এ অনুভূতিগুলোর মধ্যে রয়েছে লাফানো, স্পন্দন, বৃত্তাকারভাবে ঘোরা, ঢেউ ও মাটিতে হামাগুড়ি দেওয়া।