স্প্যাম কিংয়ের আত্মসমর্পণ
ফেসবুকে দুই কোটি ৭০ লাখ স্প্যাম বার্তা পাঠানোর অভিযোগে অভিযুক্ত ‘স্প্যাম কিং’ নামে পরিচিত মার্কিন নাগরিক স্যানফোর্ড ওয়ালেস আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সদস্যদের কাছে তিনি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করলেও স্যানফোর্ড তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন আইনজীবীরা অভিযোগ করেছেন, স্যানফোর্ড ওয়ালেস এমন একটি প্রোগ্রাম তৈরি করেছেন, যা ফেসবুকের স্প্যাম ফিল্টার ভেঙে ফেলেছে। এ ছাড়া ওই প্রোগ্রামের মাধ্যমে তিনি এমন সব বার্তা পাঠাতে থাকেন, যা ফেসবুক গ্রাহকদের তাঁদের অ্যাকাউন্টের বিস্তারিত প্রকাশ করতে উদ্বুদ্ধ করে। ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে এমনভাবে বার্তা পাঠানো হতো যে মনে হতো, কোনো বন্ধুর কাছ থেকে বার্তাটি এসেছে। ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের মার্চ মাস পর্যন্ত পাঁচ লাখ ফেসবুক অ্যাকাউন্টে এভাবে দুই কোটি ৭০ লাখ স্প্যাম বার্তা পাঠানো হয়। ২০০৯ সালে ফেসবুক কর্তৃপক্ষ স্যানফোর্ডের বিরুদ্ধে মামলা করে। এরপর কেন্দ্রীয় আদালতের বিচারক স্যানফোর্ডের ফেসবুকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু স্যানফোর্ড চলতি বছরের গোড়ার দিকে বেশ কয়েকবার সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফেসবুকের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান