স্প্যামের তীর্থ বেলারুশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যাম মেইল
স্প্যাম মেইল

মেইলের ইনবক্সে অদ্ভুত সব স্প্যাম মেইল এসে ভর্তি হয়ে যায়। কারা পাঠায় এসব স্প্যাম-মেইল? গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র, বেলারুশ, রোমানিয়াসহ পূর্ব ইউরোপের দেশগুলো স্প্যাম-মেইলের তীর্থ।
বেলারুশের বিভিন্ন ইন্টারনেট ঠিকানা থেকে স্প্যাম মেইল পাঠানো হচ্ছিল। সম্প্রতি দেশটির প্রায় ৩০ শতাংশ ইন্টারনেট ঠিকানা বন্ধ করে দিয়েছে স্প্যাম নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
অ্যান্টি-স্প্যাম বা ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডমার্কের গবেষকেরা জানিয়েছেন, পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ থেকেই ইন্টারনেটে স্প্যাম ছড়ানো হয়। ক্লাউডমার্কের কালো তালিকার বেশির ভাগই পূর্ব ইউরোপের দেশ। এ তালিকার শীর্ষে রয়েছে বেলারুশের নাম।
ক্লাউডমার্কের গবেষক অ্যান্ড্রু কনওয়ে জানিয়েছেন, ইন্টারনেটে স্প্যাম উত্স হিসেবে বেলারুশ ২৭ দশমিক চার শতাংশ, রোমানিয়া ২২ দশমিক তিন শতাংশ  ও রাশিয়া তিন শতাংশ দখল করেছে। একক দেশ হিসেবে অবশ্য সবচেয়ে বেশি স্প্যামের উত্স ধরা হয় যুক্তরাষ্ট্রকে।
ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সফোসের বিশ্লেষকেরা জানিয়েছেন, বেলারুশ থেকে স্প্যাম মেইল পাঠানোর হার দ্রুতগতিতে বাড়ছিল। দেশটির বিভিন্ন ইন্টারনেট ঠিকানা ব্যবহার করে এসব মেইল পাঠানো হচ্ছিল সম্প্রতি সেগুলোতে ব্লক করে দেয়া হয়েছে।