স্ফটিকে বন্দী আলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ফটিকে ধরে রাখা আলো
স্ফটিকে ধরে রাখা আলো

জার্মানির গবেষকেরা জানিয়েছেন, স্ফটিকের মধ্যেই এক মিনিট পর্যন্ত আলো বন্দী করে ফেলতে সক্ষম হয়েছেন তাঁরা। স্ফটিকে বন্দী রাখা আলোর মধ্যে তথ্য সংরক্ষণের একটি পদ্ধতিও উদ্ভাবন করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, এই পদ্ধতিটির উন্নয়নে ভবিষ্যতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কোয়ান্টাম ও অপটিক্যাল কম্পিউটার তৈরি করা সম্ভব হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির ডারমস্ট্যাট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আলো সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণা করছেন। গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে ইলেকট্রনিক তথ্য ধরে রাখতে সেমিকন্ডাক্টারভিত্তিক প্রসেসর ও তথ্য সংরক্ষণের যন্ত্রাংশ ব্যবহূত হয়। কিন্তু এক্ষেত্রে ফোটন কণা ব্যবহার করলে আরো উন্নত ফল পাওয়া সম্ভব।
পদার্থবিজ্ঞানে ফোটন একটি মৌলিক কণিকা, তড়িত্-চুম্বক ক্রিয়ায় আলো এবং অন্যান্য সকল তড়িত্ চৌম্বক বিকিরণের মৌলিক এককও ফোটন। তরঙ্গ এবং কণা উভয় ধর্মই প্রদর্শন করে ফোটন।
গবেষকেরা জানিয়েছেন, ইলেকট্রনের তুলনায় ফোটনের ব্যবহার বেশ কষ্টসাধ্য। কিন্তু ফোটন ব্যবহারের যে বাধা তা দূর করা সম্ভব হলে ইলেকট্রনিক ইকোসিস্টেম থেকে ফোটনিক ইকোসিস্টেম ব্যবহার করা যাবে যা প্রযুক্তির উন্নয়নে নানা সুবিধা যোগ করতে পারে। ইলেকট্রনিক উপাদান ব্যবহারে তাপ উত্পন্ন হয় আর তাতে শক্তির অনেক অপচয় ঘটে কিন্তু ফোটন ব্যবহার করা গেলে শক্তির অপচয় রোধ করা যাবে। অপটিক্যাল পদ্ধতির তথ্য ধারণ যন্ত্র তৈরির ক্ষেত্রে তেজস্ক্রিয়তার বিচ্ছুরণ ঠেকানো যাবে এবং দ্রুতগতির ব্যান্ডউইথ স্থানান্তর সম্ভব হবে।
গবেষক জর্জ হেইঞ্জ এ প্রসঙ্গে জানিয়েছেন, বর্তমানে বাজারে থাকা ডেটা স্টোরেজগুলোতে যদিও দ্রুতগতির ডেটা পড়া বা লেখার প্রযুক্তি রয়েছে তবে অপটিক্যাল  ডেটা স্টোরেজ তৈরিতে আরও দ্রুতগতির করা সম্ভব। সবকিছু অপটিক্যাল ইকোসিস্টেমে করা সম্ভব হলে  অপটিক্যাল স্পন্দনগুলোকে বৈদ্যুতিক তরঙ্গ বা বৈদ্যুতিক তরঙ্গকে অপটিক্যাল স্পন্দনে রূপান্তরের প্রয়োজন পড়বে না।  ফোটননির্ভর এসব পণ্যে তথ্য ধরে রাখার পদ্ধতিকে গবেষকেরা নাম দিয়েছেন ইলেকট্রো-ম্যাগনেটিক্যালি ইনডিউসড ট্রান্সপারেন্সি বা ইআইটি। এ পদ্ধতিতে লেজার রশ্মির সাহায্যে স্ফটিকের মধ্যে আলো ফেলা হয় এবং সে আলোতে তথ্য সংরক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে স্ফটিকে সংরক্ষিত আলো এক মিনিট পর্যন্ত তথ্য সংরক্ষণ করে রাখার সক্ষম হয়েছেন গবেষকেরা।

গবেষকেরা আশা করছেন এ পদ্ধতিটির উন্নয়ন করতে পারলেই দীর্ঘদিন তথ্য ধরে রাখার যন্ত্র এবং দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে।

ফিজিক্যাল রিভিউ লেটার্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা আশা প্রকাশ করেছেন যে, আগামী কয়েক বছরের মধ্যেই ফোটোনিক কম্পিউটিং প্রযুক্তি উন্নয়ন করে ফেলবেন তাঁরা। এক দশকের মধ্যেই ফোটনিক প্রযুক্তির যন্ত্রাংশ বাজারে চলে আসবে বলেও আশা করছেন জার্মান গবেষকেরা।