স্বপ্ন দিয়ে ঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হলো স্নাতক, এবার শুরু পেশাজীবনের প্রস্তুতি। ছবি: খালেদ সরকার
শেষ হলো স্নাতক, এবার শুরু পেশাজীবনের প্রস্তুতি। ছবি: খালেদ সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা গমগম করছে, জাকজমক ভাব। মাইকের আওয়াজ, যানবাহনের ভিড়, নিরাপত্তাকর্মীদের ব্যস্ততা-এসব কিছু ছাপিয়ে কালো গাউনে প্রাণোচ্ছল তারুণ্যের ছড়াছড়ি। আর তা হবেই না কেন? দিনটি ছিল দেশের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনের দিন ৭ এপ্রিল, ২০১৪।
এই দিনটি ঘিরে নব্য গ্র্যাজুয়েটদের মনে উত্তেজনার কোনো শেষ নেই। অনুষ্ঠানের তিন দিন আগে লম্বা লাইনে দাঁড়িয়ে গাউন আর ক্যাপ সংগ্রহের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ক্যামেরার ক্লিক ক্লিক। হোক সেটা কার্জন হল বা কলা ভবন, রাজু ভাস্কর্য, শহীদ মিনার বা অপরাজেয় বাংলা, অথবা কোনো গাছের পাশে বা কোনো চত্তরের সামনে—ছবি তোলা থেমে নেই কোথাও। গাউন আর ক্যাপ পরে এসব জায়গায় ছবি তুলতে না পারলে অপূর্ণতা থেকে যাবে। অনুষ্ঠানের আগের দিন এমনটা বললেন পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সের রেকর্ড সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত জ্যোতি প্রকাশ বিশ্বাস। জ্যোতি জানালেন, ‘দীর্ঘ চার বছরের সাধনার স্বীকৃতি পাচ্ছি আজ, ভীষণভাবে আনন্দিত।’
আকাশে ক্যাপ ছুড়ে আর একটু লম্ফঝম্ফ দিয়ে ছবি না তুললে তো গ্র্যাজুয়েট হওয়ার ভাবটাই আসে না। এমনটাই মনে করেন অণুজীববিজ্ঞান বিভাগের মুনতাহি মৌরিন। উহ্, কোনো জায়গাই বাদ রাখব না। সমাবর্তনের মূল অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল খেলার মাঠে। সমাবর্তনের শোভাযাত্রা পৌঁছানোর পরপরই শুরু হয় সমাবর্তনের মূল অনুষ্ঠান। নব্য গ্র্যাজুয়েটদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সমাবর্তন উপলক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের বন্ধুরা একই রকম নতুন পোশাক পরে এসেছেন। তাঁদের মধ্যে সুজয় কুমার নন্দী তাঁর ক্যাপ সামলাতে সামলাতে বললেন, ‘গাউন আর ক্যাপটা পরে যে কী ভালো লাগছে, বোঝাতে পারবো না। গাউনটার মধ্যে অনেকটা হ্যারি পটার ভাব আছে। মনে হচ্ছে আমরা হগওয়ার্টস স্কুলে উইচক্রাফট পড়ছি।’ হাসতে হাসতে বললেন, ‘আগে যখন সিনিয়রদের দেখতাম এমনি করে ঘুরে বেড়াচ্ছে, দিন গুনতাম, কবে আমিও পরব। আজকে সেই বহুল প্রতীক্ষিত দিন।’ একদম ঠিক। তাঁর কথার সঙ্গে একমত সাইফী ইকবাল ও কাজী নাজমুল মাহমুদ। ‘গত চার বছরের পড়াশোনার পর বিশ্ববিদ্যালয় জীবনের পূর্ণতা এল সমাবর্তনের মাধ্যমে। আজকের দিনটাকে আরও স্মরণীয় করতে ঝিনাইদহ থেকে আমার মা-বাবা আসবেন। একসঙ্গে ছবি তুলব।’ আবেগে আপ্লুত নাজমুল বললেন এসব কথা।

তাঁর মতো আরও অনেকেই এখনো গাউন জমা দেননি—প্রিয় মানুষগুলোর সঙ্গে প্রিয় জায়গাতে ছবি তুলবেন বলে, এমন দিন তো আর বারবার আসবে না।
নৃবিজ্ঞান থেকে প্রথম স্থান অধিকারী ইবতেসুম আফরিন জানালেন, ‘দেখতে দেখতে চারটি বছর পার হয়ে গেল, গ্র্যাজুয়েট হয়ে গেলাম! এই সুখের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
ওয়াসিফ আদনান হক এবার ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। সহপাঠীদের মতো কালো-হলুদ গাউন জড়িয়ে এসেছেন তিনিও। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে প্রথম হয়ে অনুষ্ঠানে এসেছেন দেবযানী দে।
তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের হাসান মোশাররফ রিফাত গেছেন গাউন জমা দিয়ে সার্টিফিকেট তুলতে। সার্টিফিকেট হাতে নিয়ে খুবই আনন্দিত তিনি। বললেন, ‘দেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পারার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলাম আজকে।’
সেই ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি ব্রিটিশ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। আর এ বছর শেষ হলো ৪৮তম সমাবর্তন। আকাশছোঁয়া স্বপ্নের পথে বড় একধাপ অতিক্রম হলো মাত্র। আরও যেতে হবে বহুদূর। চোখে-মুখে সেই স্বপ্ন আটকে হাসিমাখা মুখ নিয়ে এমনটাই প্রত্যয় তরুণ গ্র্যাজুয়েটদের।