স্বপ্ন দেখার ক্যাম্পাসে

ভাবুন তো একটি ক্যাম্পাসের কথা, যেখানে একঘেয়েমি ক্লাসের ভিড়ে ক্ষণিকাশ্রয় হয়ে দেখা দেবে আপনারই কোনো বন্ধুর তৈরি নতুন কোনো গেমস বা অ্যাপস; বড় পর্দায় খেলে আপনিই দেবেন তার রেটিং, অথবা আপনারই কোনো বন্ধুর তৈরি নতুন সুরের মূর্ছনা; আপনিই করবেন তার চিয়ারআপ, কিংবা বিভিন্ন সময়ে তোলা ছবি নিয়ে সারা বছর চলতে থাকা ফ্রেমে বাঁধা জীবনের এক্সিবিশন, যা দেখে আপনার মনও আন্দোলিত হতে বাধ্য, আপনার সৃজনশীলতা দিয়ে সবাইকে চমৎকৃত করে তোলার নেশা। ঠিক এমনই একটি পারস্পরিক দ্বিমুখী আবেদন থেকে একটি সম্ভাবনাময় ক্যাম্পাসের রূপরেখা দিয়েছিলেন শাহিদা শারমিন, যখন তিনি ছিলেন স্থাপত্য বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
শাহিদা শারমিনের সব নকশায় (ডিজাইন) প্রাধান্য পেয়েছে এই পারস্পরিক ক্রিয়াশীলতার বিষয়টি। এর পেছনের গল্প জানতে চাইলে তিনি বলেন, স্কুলজীবনে শিক্ষাসফরে সংসদ ভবনে গিয়ে লুই কানের বিস্ময়কর এই স্থাপনাটি দেখে তাঁর মনে যে অনুপ্রেরণার জন্ম দিয়েছিল, তা থেকেই তাঁর স্থপতি হওয়ার চিন্তার সূত্রপাত। তাই ছাত্রাবস্থায় সব সময় চেষ্টা করেছেন এমন নকশা করার, যা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের মধ্যে অনুপ্রেরণা ও সম্ভাবনার উন্মেষ ঘটাতে পারে। এই দর্শনের পরিপ্রেক্ষিতে কাজ করে সাফল্যও পেয়েছেন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আর্কএশিয়া আর্কিটেকচারাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন ২০১০’-এ প্রথম পুরস্কার, নবম কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০১২-এ সম্মাননা পুরস্কার, বুয়েট আয়োজিত ন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন ‘ডুয়েলিং ইউনিট ২০৬২’-এ প্রথম পুরস্কার, ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত ন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে প্রথম পুরস্কার, বার্জার বেস্ট প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড (২০০৮ ও ২০০৯) ইত্যাদি।
ক্যাম্পাসের নকশা করার সময়ও এই পারস্পরিক ক্রিয়াশীলতা ছিল তাঁর চিন্তার মূলে। তাঁর মতে, প্রতিক্রিয়া শুধু একজন ব্যক্তির কাছ থেকেই নয়, আসতে পারে আমাদের চারপাশের সব উপাদান থেকেই। আর তাই তো তিনি ডিজাইনে তাঁর ক্যাম্পাসের দুটি অংশের একটিতে রেখেছেন নিবিষ্টচিত্তে কাজের জন্য নির্জন স্থান, যেখানে স্থান পেয়েছে লেকের ধারঘেঁষে কোলাহলমুক্ত পরিবেশে কাজের জন্য স্টুডিও ও ফ্যাকাল্টি অফিস আর পড়াশোনার জন্য লাইব্রেরি ও থিওরি ক্লাসরুম; আর অপর অংশে শহুরে গতিময়তার সংস্পর্শে অনানুষ্ঠানিক কাজকর্মের জন্য রেখেছেন জিমনেশিয়াম, স্টুডেন্টস ক্লাব আর সঙ্গে প্রাণভোমরা ক্যাফেকে ঘিরে থাকবে এক্সিবিশন স্পেস, মিলনায়তন ও আড্ডার উন্মুক্ত চত্বর। আর এই দুই অংশের সংযোগ স্থাপন করবে ২৫ ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা সেন্ট্রাল ল্যাবরেট। মাটিতে ও ওপরে বিভিন্ন স্তরে এসব স্থান র্যাম্প ও হাঁটাপথ দিয়ে সংযুক্ত, যেগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কিং জোনকে কার্যত সংযুক্তই শুধু করে না, উপরন্তু এগুলোর মধ্যে ভিজুয়াল ও মানসিক সংযোগও সৃষ্টি করে উৎসাহিত করে এদের মধ্যকার প্রতিক্রিয়াশীল চিন্তাধারাকে। পুরো নকশাটি প্রণয়নের বিভিন্ন ধাপে তিনি চেষ্টা করেছেন মানুষ, স্থান, পরিবেশ ও কার্যকলাপের সঙ্গে স্থাপত্যকে একীভূত করে এমন একটি সম্ভাবনাময় ব্যবস্থা তৈরির, যা নানা সৃজনশীল চিন্তার উদ্ভব ও আদান-প্রদানকে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।
এ ধরনের প্রকল্প আমাদের দেশীয় প্রেক্ষাপটে বাস্তবায়ন করা কতটা সম্ভব, এ প্রশ্নের জবাবে সম্ভাবনাময় এই স্থপতি বলেন, ‘৫০ বছর আগে বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা সংসদ ভবন নির্মাণ করেছে। কাজেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করার জন্য সদিচ্ছাই যথেষ্ট।’ তিনি এই ক্যাম্পাসের নামকরণ প্রস্তাব করেছেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজি’। নামকরণের পেছনে তিনি মূলত শিল্পকলা ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে যুগোপযোগী একটি বিশ্ববিদ্যালয়ের ভাবনার কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, আমাদের দেশে দিনকে দিন বৈচিত্র্যময় পেশায় কাজের সুযোগ ও পরিধি বাড়ছে। গৎবাঁধা ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাইরেও নিত্যনতুন সব ক্ষেত্রে আমাদের দেশে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও অ্যানিমেশন, গেম ডিজাইন, ডিজিটাল গ্রাফিক্স ও মোশন ডিজাইন, সাউন্ড ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং, ক্রিয়েটিভ এডিটিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের মতো সৃজনশীল ক্ষেত্রে আমাদের তরুণেরা আগ্রহ নিয়ে কাজ করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে এসব বিশেষায়িত পেশায় শিক্ষা ও দক্ষতা অর্জনের উপযোগী সুযোগসুবিধা না থাকায় এই প্রবল সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর উন্নয়ন ও প্রসারের ওপর বিরূপ প্রভাব পড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ফলে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা অসমর্থ হয়ে পড়ছি। তাই এ ধরনের প্রকল্প পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে শিল্পকলা ও প্রযুক্তির সমন্বিত বিশেষায়িত ক্ষেত্রগুলোতে আমাদের দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার বিকাশে ও সাফল্য অর্জনের পেছনে রাখতে পারে দৃষ্টান্তমূলক ভূমিকা।
