স্বপ্নের ঠিকানা
‘গণিত উত্সব’ নামটার মধ্যেই কেমন অন্য রকম একটা গন্ধ আছে। শুরুতেই বলে দেওয়া হয়, এটা কোনো পরীক্ষা নয়, উত্সব। শুধুই কি উত্সব? গণিত উত্সবকে কি বিরাট স্বপ্নের সূতিকাগার বলা যায় না? আমাদের দেশের অনেক মানুষ স্বপ্ন দেখতে জানে না। কারণ, তারা স্বপ্ন দেখার ভরসা পায় না। ফসল ফলাতে হলে যেমন বীজ বুনতে হয়, তেমনি আমি যে স্বপ্ন দেখব তার জন্য তো একটা ভিত্তি তৈরি করতে হবে। এই ভিত্তিটা নিজে তৈরি করে নিতে হয়। অন্য কেউ করে দিতে পারে না। আর এটা তৈরির জন্য দরকার একটু উত্সাহ, একটু স্বীকৃতি। আর এই সুযোগটাই দিচ্ছে গণিত উত্সব। আগে যেখানে আমাদের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়াটা শুধু বিত্তবানদের জন্য প্রযোজ্য বলে মনে করত, সেখানে আজ তারাই বিনা মূল্যে পড়ার সুযোগ পাচ্ছে। গণিত উত্সবের বদৌলতে তারিক আদনান মুন, নাজিয়া চৌধুরীর মতো ছেলেমেয়েরা হার্ভার্ড, এমআইটিতে পড়াশোনা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার যে স্বপ্নময় রাস্তার সূচনা করেছে, সেই রাস্তাকে ঢেলে সাজানোর দায়িত্ব তো আমাদেরই। আমার মতো যারা এ বছর পুরস্কারহীনের খাতায় নাম লিখিয়েছে, তাদের মন কি খুব খারাপ? তবে আমার মতে, গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিতে গিয়ে আমি যা শিখলাম, তাতে যদি আমার মনে আত্মবিশ্বাস জাগে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাওয়া। পুরস্কার পেলাম নাকি পেলাম না, তাতে কিছু যায়-আসে না। তার ওপর আর একটা বছর অপেক্ষা করার যে ধৈর্যটা শিখলাম, সেটাই বা কম কী! হয়তো বা এবার যারা পায়নি, তাদের মধ্যে একটা জেদ সৃষ্টি হবে, ‘আমাকে পরের বার পেতেই হবে।’ স্বপ্নটা দেখতে দোষ কী?ইসরাত আরা, অষ্টম শ্রেণী, ঢাকা।