
আবরার তাজওয়ার খানের বয়স ১০। থাকে মিরপুরের কাজীপাড়ায়। ওদের বাসায় সব সময় একটা ঘর খালি থাকে ভিনদেশিদের জন্য। নানান দেশ থেকে বিচিত্র সব মানুষ অতিথি হয়ে আসেন, থাকেন এই ঘরে। কখনো হাসিখুশি আমেরিকান দম্পতি, কখনো উচ্ছল জাপানি তরুণ, কখনো বিশালদেহী অস্ট্রেলীয় যুবক...আবরারের খুব মজা লাগে! এত সব লোককে অতিথি করে বাসায় নিয়ে আসেন তাঁর বাবা মাহমুদ হাসান খান।
কে এই মাহমুদ হাসান? বিদেশিদের সঙ্গে তাঁর সম্পর্কটাই বা কী? সে প্রশ্নের জবাব পাবেন অস্ট্রেলীয় নারী র্যাচেলের ব্লগ থেকে। ভ্রমণপ্রিয় এই লেখিকা ‘ট্রাভেলিং ইন বাংলাদেশ, এইট “মাস্ট ডু” থিংস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছেন। বাংলাদেশে বেড়াতে এলে কোন আটটা কাজ অবশ্যই করা উচিত, র্যাচেলের লেখায় পাবেন সে তালিকা। তালিকার শুরুতেই তিনি সিলেটের সাতরঙা চা চেখে দেখার কথা বলেছেন। পর্যটকদের জন্য র্যাচেলের দ্বিতীয় পরামর্শ—‘মিট মাহমুদ’ (মাহমুদের সঙ্গে দেখা করো)! বিস্তারিত বর্ণনায় তিনি যা লিখেছেন, তার বাংলা অনুবাদ অনেকটা এমন:
‘বাংলাদেশে বেড়াতে যাচ্ছ, অথচ মিস্টার মাহমুদের সঙ্গে তোমার এখনো যোগাযোগ হয়নি! চলো, তাঁর সঙ্গে পরিচিত হই। বাংলাদেশে মাহমুদ হতে পারেন তোমার সব প্রশ্নের উত্তর। তিনি মূলত একজন ব্যবসায়ী, যিনি তাঁর দেশকে প্রচণ্ড ভালোবাসেন। যাঁরা বাংলাদেশে বেড়াতে যান, মাহমুদ তাঁদের নিজের দেশটা ঘুরে দেখাতে আগ্রহী। তবে তোমার টাকার ব্যাপারে তাঁর কোনো আগ্রহ নেই। তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। সবকিছুই তিনি করবেন আন্তরিকতা আর দেশের প্রতি ভালোবাসা থেকে। ’
শুধু র্যাচেল নন, একই সুরে আরও অনেক ভিনদেশি পর্যটকই লিখেছেন মাহমুদ হাসান সম্পর্কে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মাহমুদ। কাজের ফাঁকে ফাঁকেই বাংলাদেশে বেড়াতে আসা ভিনদেশিদের সহায়তা দেন বিনা পারিশ্রমিকে। ‘এ দেশে বেড়াতে চাইলে অনলাইনে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ফাইভ স্টার, থ্রি স্টার হোটেলগুলোর ওয়েবসাইটে কিছু তথ্য থাকে। কিন্তু যাঁরা বেড়াতে আসেন, তাঁরা বেশির ভাগই “ব্যাগ প্যাকার”। বেশি টাকা খরচ করার সুযোগ তাঁদের থাকে না। অচেনা একটা দেশে কী করবেন, কোথায় যাবেন, ভেবে পান না। তাই আমি তাঁদের পুরো ভ্রমণ-পরিকল্পনা করে দিই। শুরুতেই হোটেলে উঠতে না পারলে নিজের বাসায় এনে রাখি। গত ১২ বছরে প্রায় চার হাজার পর্যটককে সহায়তা করেছি।’ বলছিলেন মাহমুদ। ছাত্রজীবন থেকেই তাঁর বেড়ানোর নেশা। পর্যটনসংক্রান্ত ওয়েবসাইট লোনলি প্ল্যানেট ডট কমে ব্লগ লেখেন বহুদিন ধরে। একেক সময় একেক দেশের মানুষ আসেন, তাঁদের খাওয়াদাওয়ার আয়োজন করাও তো ঝক্কির ব্যাপার। প্রসঙ্গ শুনে মাহমুদের স্ত্রী উম্মে সালমা আপত্তি করলেন; ‘মোটেই না। তাঁদের জন্য আমরা আলাদাভাবে কিছু রান্না করি না। আমরা যা খাই, ওনারাও
তা-ই মজা করে খান। ’
কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন রুথ নামের এক অস্ট্রেলীয় নারী। সেদিন ছিল মাহমুদ হাসানের ভাগনির বিয়ে। তাঁর আমন্ত্রণে বিমানবন্দর থেকে বাক্সপেটরাসহ সোজা বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুথ। ‘রুথ খুব মজা পেয়েছেন। নতুন বউয়ের সঙ্গে ছবি তুলেছেন। দেখে বোঝার উপায় ছিল না, ও এই প্রথম বাংলাদেশে এল।’ বলছিলেন মাহমুদ।