স্বাধীন ইন্টারনেটের পক্ষে গুগলের শক্ত অবস্থান
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার ইন্টারনেটের স্বাধীনতা বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) পরবর্তী সভায় ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করবে এমন একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সম্প্রতি গুগল নিজেদের অবস্থানের কথা জানায়। আগামী মাসে এ সভা হওয়ার কথা রয়েছে। এ নীতিমালা বাস্তবায়ন হলে এটি ভবিষ্যৎ ওয়েবের ক্ষেত্রে বড় একটি বাধা হবে বলে মনে করছে গুগল।আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় আইটিইউর পরবর্তী সভায় ১৯৮৮ সালের করা বৈশ্বিক টেলিযোগাযোগ নীতিমালায় পরিবর্তন আনার ব্যাপারে কাজ করছে বলে জানা গেছে। আর এ পরিবর্তনে এমন কিছু নীতি যুক্ত হচ্ছে যা ইন্টারনেটের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছে গুগল। এক বিবৃতিতে গুগল জানায়, আইটিইউ যা করছে তা শুধু একটি সরকারি প্রতিষ্ঠানের অংশ হিসেবে করছে এবং এটি সরকারেরই কথা। বিষয়টি মুক্ত ও স্বাধীন ইন্টারনেটের জন্য নয়।তবে নীতিমালার বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার আগেই নীতিমালার বিষয় জানাজানি হয়ে পড়ে। আর সে বিষয়গুলো দেখেই গুগল নিজেদের অবস্থানের কথা জানায়। এ বিষয়ে আইটিইউ কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে আইটিইউর মহাসচিব হামাদুন টোরে জানিয়েছেন, ‘আমি চেষ্টা করব নীতিমালা পাস হওয়ার ক্ষেত্রে সবদিক বিবেচনায় যাতে আসে।’মুক্ত ও স্বাধীন ইন্টারনেটের ওপর হস্তক্ষেপ ভালো কিছু নয় বলেও মন্তব্য করেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইন্টারনেটের কল্যাণেই বর্তমানে সারা বিশ্ব এক জায়গায় হতে পেরেছে। তাই ইন্টারনেট নিয়ন্ত্রণ কিংবা স্বাধীন ইন্টারনেটের জন্য ক্ষতিকর এমন কোনো নীতিমালা না করার আহ্বান তাঁদের। —বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম