স্বাধীন হচ্ছে আইক্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিএএনএন
আইসিএএনএন

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ইন্টারনেটের মেরুদণ্ড হিসেবে খ্যাত ডোমেইন নাম পদ্ধতিটির দায়িত্ব পুরোপুরি বুঝে নিচ্ছে ডোমেইন নাম সরবরাহকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বা আইক্যান। আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংস্থাটি দায়িত্ব বুঝে নেবে। বৈশ্বিক মতামত নিয়ে ইন্টারনেট-সম্পর্কিত নিয়ম ও নীতিমালা প্রণয়নে কাজ করে সংস্থাটি।

এতে অবশ্য ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো পার্থক্য ধরতে পারবেন না। ইতিমধ্যে আড়ালে কাজটি শেষ করেছে আইক্যান।

যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে পুরো দায়িত্ব বুঝে নেওয়ায় এই সংস্থাটি এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর আগে ডোমেইন নামের অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকার চাইলে হস্তক্ষেপ করার সুযোগ ছিল। তাদের হাতে ডোমেইন নাম পদ্ধতির নিয়ন্ত্রণ ছিল।


অবশ্য ডোমেইন নাম নিয়ে যুক্তরাষ্ট্র খুব কম হস্তক্ষেপ করেছে। এর আগে ডট ট্রিপলএক্স ডোমেইন নিয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ আইক্যানের ওপর চাপ তৈরি করেছিল। ২০০৬ সালে ওই ডোমেইন প্রাথমিকভাবে বাতিল করেছিল আইক্যান। তবে ২০১১ সালে এটি অনুমোদন দেয় সংস্থাটি।

যুক্তরাষ্ট্র সরকার এ নিয়ন্ত্রণ ধরে রাখতে চেষ্টা করলেও ডোমেইন নাম পদ্ধতি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ফেলতে জাতিসংঘে লবিং করে রাশিয়া ও চীন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মাধ্যমে ডোমেইন নাম পদ্ধতির নিয়ন্ত্রণ নিতে জাতিসংঘকে অনুরোধ করে এ দুটি দেশ। ২০১২ সালে একটি চুক্তির খসড়াও তৈরি হয়। তবে মানবাধিকার বিবেচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এতে সই করেনি।

ডোমেইন নাম পদ্ধতি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও দেশটি থেকে কার্যালয় গুটিয়ে নিচ্ছে না আইক্যান। এ ছাড়া কোনো বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠান যাতে এই পদ্ধতি নিয়ন্ত্রণে নিতে না পারে, এ জন্য সুরক্ষাব্যবস্থাও তৈরি করছে। তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস।