স্বাধীনতা আমাদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমরা সবাই জানি যে ১৯৪৭ সালের ১৪ আগস্টের আগে বাংলাদেশ ছিল বিশাল ভারতবর্ষের একটি দেশ। ২০০ বছরের বেশি সময় এই দেশ ছিল ব্রিটিশদের দখলে। তারা আমাদের সম্পদ লুট করেছে। সম্পদের পাহাড় গড়েছে নিজ দেশে। এমনি এমনি তো আর সম্পদ নিয়ে যাওয়া যায় না! নিতে হয় জোর খাটিয়ে, কৌশল করে। সেই জোরের বিরুদ্ধে যুগ যুগ ধরে সংগ্রাম চলেছে। বাংলাদেশের মানুষও ছিল সেই সংগ্রামে। সবাই মিলে আন্দোলনের ফলে ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যেতে বাধ্য হলো। কিন্তু যাওয়ার আগে ভারতবর্ষকে ভাগ করে গেল পাকিস্তান আর ভারত নামের দুটি দেশে। এমনভাবে ভাগ করল যেন এখানকার মুসলমানের জন্য একটা দেশ হয়। পাকিস্তান সেই মুসলমানের দেশ। তখনকার পূর্ব বাংলা, মানে এখনকার বাংলাদেশের বাঙালিদের মধ্যে মুসলমানরা সংখ্যায় বেশি বলে বাংলাদেশের মানুষ রইল পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান একটি দেশ হলেও এর দুই অংশের দূরত্ব রইল হাজার মাইলের বেশি। পাকিস্তানের এক অংশের নাম হলো পশ্চিম পাকিস্তান, আরেক অংশের নাম পূর্ব পাকিস্তান। বাংলার মুসলমানরা ভেবেছিল, মুসলিম মুসলিম ভাই ভাই। সুতরাং, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলিয়েই মুসলমানদের উন্নতি হবে। বদল হবে মানুষের ভাগ্য। কিন্তু অল্প দিনেই বোঝা গেল, কথাটা মিথ্যা। বোঝা গেল, আগে বাংলাদেশের সম্পদ যেত ইংল্যান্ডে। পাকিস্তানি আমলে যেতে লাগল পশ্চিম পাকিস্তানে! বাংলাদেশের মানুষ বুঝতে পারল, পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান হয়ে উঠেছে নতুন উপনিবেশ, লুণ্ঠনের নতুন ক্ষেত্র। ভাষা নিয়ে বিরোধ হলো। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ তাদের গায়ের জোরকে থামিয়ে দিতে পারল। কিন্তু কিছুকাল পরে দেখা গেল, ভাষার লড়াইয়ে জিতলেও বাংলাদেশের মানুষের বঞ্চনা বেড়েই চলেছে। ধীরে ধীরে পশ্চিমা শাসকগোষ্ঠীর বঞ্চনার বিরুদ্ধে ফুঁসে উঠতে লাগল সারা বাংলার মানুষ!
শেরেবাংলা এ কে ফজলু্ল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী ব্রিটিশ আমল থেকে আমাদের নানা অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। পরে এসে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর পুরো জীবন ছিল আন্দোলন, সংগ্রাম, ত্যাগ আর সাহসিকতায় পূর্ণ। আন্দোলনে নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে তিনি আমাদের মধ্যে জাগিয়ে তুলতে পেরেছিলেন স্বাধীনতার প্রবল আকাঙ্ক্ষা। বাঙালির হাতে অস্ত্র ছিল না। কিন্তু তাদের মধ্যকার ঘুমন্ত সংগ্রামী হূদয় আর দুর্বার সাহসকে শেখ মুজিব নিজের ত্যাগে ও মানুষের প্রতি ভালোবাসায় জাগিয়ে তুললেন। তাঁর জাগিয়ে তোলা সেই সাহসের ওপর ভর করে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল ন্যায়ের যুদ্ধে। আর তাই ১৯৭১ সালে ২৬ মার্চ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছিল ‘বাংলাদেশ’ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
স্বাধীনতা অর্জন সোজা কথা নয়। স্বাধীন হওয়ার স্বপ্নই কোটি প্রাণকে এক করেছিল, জেগে উঠেছিল একসঙ্গে। এই স্বাধীনতাই আমাদের এখনো স্বপ্ন দেখিয়ে চলেছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর। বাংলাদেশ নামের রাষ্ট্র পেয়েছি বলে এখন আমরা নতুন নতুন স্বপ্ন দেখতে পারছি। স্বপ্ন দেখতে পারছি, একদিন আমরা ন্যায়, সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করব এই দেশে।