স্বাধীনতা উৎসবে সুন্দরবনের পক্ষে ভোট
চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত স্বাধীনতা উৎসবে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হয়েছে। দুই দিনের এ উৎসব শেষ হয়েছে গত শনিবার। এতে ভোট সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে ‘সাড়া দাও বাংলাদেশ’। সহযোগিতায় ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘মিডিয়াগ্রাফি’।শুক্রবার উৎসবের প্রথম দিনে ভোট দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রবিশংকর মৈত্রী, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, আবৃত্তিকার রাশেদ হাসান প্রমুখ।কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘সুন্দরবনের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। এ ভোট কার্যক্রমের মাধ্যমে আমাদের এই সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ এল। কাজেই বিশ্বের সামনে আর এক নতুন বাংলাদেশকে পরিচিত করার জন্য সবাইকে সুন্দরবনের পক্ষে ভোট দিতে এগিয়ে আসা উচিত।’ দুই দিনব্যাপী উৎসবে তিনটি ল্যাপটপের মাধ্যমে ভোট সংগ্রহ করা হয়। শনিবার উৎসবের শেষ দিন রাত নয়টা পর্যন্ত ভোট সংগ্রহ করা হয়। এতে মোট এক হাজার ১৩৩টি ভোট সংগ্রহ করা হয় বলে উদ্যোক্তারা জানান। —চট্টগ্রাম অফিস