স্বাস্থ ও পরিবারকল্যাণে চালু হচ্ছে ই-সেবা
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের স্বল্প সময়ে ও খরচে স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নাগরিককেন্দ্রিক ই-সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি যৌথভাবে কাজ করবে। এ ব্যাপারে ১২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ব্লকের সভাকক্ষে একটি সমঝোতা চুক্তি সই হয়। চুক্তিপত্রে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম।
চুক্তি সই করার পর সুরাইয়া বেগম বলেন, আগামী দিনে বিভিন্ন ই-সেবা তৈরি করা হবে, যার মাধ্যমে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য, পরিবারকল্যাণ ও পুষ্টিসেবা প্রদান করা যাবে।
পাশাপাশি ২০১৬ সাল নাগাদ যে টেকসই উন্নয়ন লক্ষ্য চালু হবে, তার স্বাস্থ্যবিষয়ক লক্ষ্য অর্জনে সহায়ক হবে এই উদ্যোগ।
এই চুক্তির আওতায় এটুআই ই-সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রযুক্তিগত সহায়তা দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক এবং এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী। বিজ্ঞপ্তি