স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে এককাট্টা ইন্টেল ও ওয়াইমো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বয়ংক্রিয় ব্যবস্থার যানবাহন তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ওয়াইমো ও ইন্টেল। স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রতিযোগিতায় নেতৃত্বদানকারী এ দুটি প্রতিষ্ঠান অংশীদারত্বের ভিত্তিতে এ ধরনের যানবাহন তৈরির চেষ্টা করবে। ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্র্যাজিক এক ব্লগ বার্তায় এ তথ্য জানান। তবে অংশীদারত্ব সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি কোন প্রতিষ্ঠান কত টাকা বিনিয়োগ করবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

অ্যালফাবেটের সহপ্রতিষ্ঠান ওয়াইমো ২০০৯ সাল থেকেই তাদের স্বয়ংক্রিয় গাড়ি তৈরির কাজে ইন্টেলের প্রযুক্তি ব্যবহার করেছে। ইন্টেল মূলত ওয়াইমোর স্বয়ংক্রিয় গাড়ির হার্ডওয়্যার তৈরিতে ভূমিকা রাখছে।

এক ব্লগ পোস্টের মাধ্যমে ওয়াইমো থেকে বলা হয়েছে, তাদের প্রকৌশলীরা স্বয়ংক্রিয় গাড়িতে ইন্টেলের প্রসেসরসহ আরও নানা প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে ইন্টেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মূলত রাস্তার তথ্য নিয়ে একটি কম্পিউটারাইজড সিস্টেমে তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এটা স্পষ্ট নয়, কেন এত দিন পরে তাদের এই অংশীদারত্বমূলক সহযোগিতার কথা প্রকাশ করা হলো। ব্রায়ান ক্র্যাজিক অবশ্য ওই ব্লগ পোস্টে লিখেছেন, এই অংশীদারত্বমূলক চুক্তি এটাই নিশ্চিত করে যে ইন্টেল ভবিষ্যতের জন্য নিরাপদ এবং সংঘর্ষমুক্ত স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে তাদের নেতৃস্থানীয় ভূমিকা অব্যাহত রাখবে।

মোখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল