স্বয়ংক্রিয় গাড়ির বাজারে সবচেয়ে বড় বিনিয়োগ
স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ির কথা আলোচনায় এলে টেসলা ও গুগলের নাম ঘুরেফিরে আসে। সে তালিকায় এখন অবশ্য উবারের নামও থাকে। বিগত কয়েক বছরে অনেক পরীক্ষামূলক স্বয়ংক্রিয় গাড়ি তারা রাস্তায় নামিয়েছে। এখন থেকে হয়তো সে তালিকায় ইনটেলের নামও শোনা যাবে।
সম্প্রতি চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মোবিলআই’ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেল। মোবিলআই সেন্সর ও ক্যামেরা তৈরি করে যা স্বয়ংক্রিয় গাড়ির গুরুত্বপূর্ণ অংশ। তাই মোবিলআই কিনতে ইনটেল ১ হাজার ৫৩০ কোটি ডলার খরচ করবে। অন্যান্য প্রযুক্তিপণ্যের মতোই স্বয়ংক্রিয় গাড়ির বাজার দখল করতেই ইনটেলের এই বিনিয়োগ। এ ছাড়া স্বয়ংক্রিয় গাড়ি শিল্পে একক কোনো প্রতিষ্ঠানের এটাই সবচেয়ে বড় বিনিয়োগ।
বর্তমানে চালকবিহীন গাড়ি প্রযুক্তির সেন্সর ও ক্যামেরার ৭০ ভাগই মোবিলআইয়ের তৈরি। তা ছাড়া ইনটেলের সঙ্গে যুক্ত হওয়ার পরপরই জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর সঙ্গে যৌথ উদ্যোগে পরীক্ষামূলক ৪০টি চালকবিহীন গাড়ি প্রস্তুত করছে তারা। এ বছরের মাঝামাঝি সময়ে গাড়িগুলো পরীক্ষামূলকভাবে সড়কে নামানো হবে বলে আশাবাদী প্রতিষ্ঠানগুলো।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস