স্বয়ংক্রিয় বট নিয়ে আরও কাজ করবে মাইক্রোসফট

‘আমরা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে চাই, যা মানুষের অভিজ্ঞতা এবং সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।’ মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী সত্য নাদেলার এই কথাতেই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। মোবাইল ফোনের যে ধারা, তা মাইক্রোসফট ধরতে পারেনি। তবে প্রযুক্তির পরবর্তী ধারার নেতৃত্বে থাকতে চায় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সফটওয়্যার নির্মাতাদের সম্মেলন ‘বিল্ড’-এ এক বক্তৃতায় এ কথা বলেন সত্য নাদেলা।
এদিকে মাত্র কয়েক দিন আগেই ‘টে’ নামের টুইটার বট (স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কাজ করার প্রোগ্রাম) নিয়ে মোটামুটি লঙ্কাকাণ্ড বাধিয়ে দিয়েছিল মাইক্রোসফট। টের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় মন্তব্যে বর্ণবাদের ছটা কম ছিল না। সে নিয়ে খবর, পাল্টা খবরে হইচই হয়েছে বেশ। শেষমেশ মাফ চাইতে হয়েছে মাইক্রোসফটকে। আবার এরই মধ্যে প্রতিষ্ঠানের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে স্কাইপ বার্তা আদান-প্রদানের ‘চ্যাট-বট’ উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিল্ড সম্মেলন শুরু হওয়ার খানিক আগেই কিছুক্ষণের জন্য টে সচল করা হয়। তবে আবারও সেই একই কাহিনি—স্প্যাম ছড়িয়ে পড়ায় আবারও নিষ্ক্রিয় করা হয়। সমস্যার কথা নাদেলা ভালোই জানেন। আর তাই বললেন, ‘আমরা নতুন করে নকশা করা শুরু করেছি।’
ব্যবহারকারীর সঙ্গে ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষে মানুষের মতোই কথোপকথন চালাতে পারে এই সামাজিক বট। বিল্ডের অংশ হিসেবে ডিজিটাল সহকারী করটানার হালনাগাদ প্রকাশ করেছে মাইক্রোসফট, যা এই বটগুলোর সঙ্গে ব্যবহারকারীর পক্ষে স্বয়ংক্রিয়ভাবে কথা চালিয়ে যেতে পারবে। মোটামুটি সব অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে করটানা পাওয়া যাবে বলে জানানো হয়।
মাইক্রোসফটের ভার্চ্যুয়াল রিয়্যালিটি যন্ত্র হলো লেন্সের জন্য স্কাইপের একটি সংস্করণ প্রকাশের ঘোষণা দিয়েছে তারা। স্কাইপের গ্রুপ কর্মসূচি ব্যবস্থাপক লিলিয়ান রিনকন কীভাবে স্বয়ংক্রিয়ভাবে বট কাজ করবে, তা দেখান। বটটি কথোপকথন শুনে কোনো বিষয়ে পরামর্শ দিতেও পারবে। উদাহরণ হিসেবে বলা যায়, দুই বন্ধু যদি কোথাও বেড়াতে যাওয়ার কথা বলে তবে সেই কথোপকথন শুনে গন্তব্যের হোটেলের খোঁজ দেবে এই বট।
মেহেদী হাসান, সূত্র: বিবিসি