স্মার্ট কানের দুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এয়ার-ও-স্মার্ট’ নামের স্মার্ট কানের দুল তৈরির উদ্যোগ নিয়েছেন কানাডার বায়োসেনসিভ টেকনোলজিসের উদ্যোক্তারা
‘এয়ার-ও-স্মার্ট’ নামের স্মার্ট কানের দুল তৈরির উদ্যোগ নিয়েছেন কানাডার বায়োসেনসিভ টেকনোলজিসের উদ্যোক্তারা

এখন স্মার্ট প্রযুক্তিপণ্যের যুগ। বাজারে এখন স্মার্টফোন থেকে শুরু করে পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ—এমনকি স্মার্ট ব্যান্ডের মতো পণ্য পাওয়া যাচ্ছে। এসব পণ্য কেবল ফ্যাশনে নয়, স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য পেতেও ব্যবহৃত হচ্ছে। 
কানাডার প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান বায়োসেনসিভ টেকনোলজিসের কর্মকর্তারা জানিয়েছেন, ফিটনেস প্রযুক্তি শিল্প এখন শুধু স্মার্ট ব্যান্ডের মতো পরিধেয় প্রযুক্তিপণ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্মার্ট দুলের মতো পণ্যও তৈরি হচ্ছে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ‘এয়ার-ও-স্মার্ট’ নামের স্মার্ট কানের দুল তৈরির উদ্যোগ নিয়েছে বায়োসেনসিভ টেকনোলজিস। এই উদ্যোগ সফল করতে তহবিল সংগ্রহের কাজ করছে প্রতিষ্ঠানটি। তহবিল সংগ্রহের ওয়েবসাইট কিকস্টার্টার থেকে ৩০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করতে চাইছে প্রতিষ্ঠানটি। 
কেমন হবে স্মার্ট দুল? বায়োসেনসিভ টেকনোলজিসের উদ্যোক্তারা জানিয়েছেন, স্মার্ট দুলে থাকবে ব্লুটুথ ৪.০ ওয়্যারলেস প্রযুক্তি যা স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। এই দুল পরিধানকারীর হৃৎস্পন্দন, ক্যালরি ক্ষয়, তাপমাত্রার মতো বিষয়গুলোর তথ্য সংগ্রহ করতে পারবে। এতে থাকবে ক্ষুদ্র কয়েনের সেল ব্যাটারি ও ক্ষুদ্র সার্কিট বোর্ড।

অন্যান্য ফিটনেস ট্র্যাকার যন্ত্রের মতো এয়ার-ও-স্মার্ট দুলটি ফটোপ্লেথিমোগ্রাম (পিপিজি) প্রযুক্তি ব্যবহার করে ত্বক থেকে রক্ত প্রবাহ পরিমাপ করতে পারে। কানের সঙ্গে যুক্ত সেন্সর অন্যান্য যন্ত্রের চেয়ে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারবে বলেই মনে করছেন কানাডার উদ্যোক্তারা।
বায়োসেনসিভ টেকনোলজিসের প্রেসিডেন্ট রাভিন্দর সাইনি বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্যগুলোকে স্মার্ট করে তুলতে হবে। পরিধেয় প্রযুক্তিপণ্যকে স্মার্ট করে তোলার লক্ষ্য থেকে আমরা এই স্মার্ট দুল তৈরি করছি।’