স্মার্ট পণ্যের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টঘড়ি এবার বেশি দেখা যাচ্ছে আইএফএ মেলায়
স্মার্টঘড়ি এবার বেশি দেখা যাচ্ছে আইএফএ মেলায়

জার্মানির বার্লিনে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা ‘আইএফএ ২০১৫’। বিখ্যাত সব প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে ছয় দিনের এই মেলায়। বিশ্বের নানা প্রান্তের নানা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের পণ্য নিয়ে হাজির হলেও পণ্যের বহরে কিন্তু বেশ মিল রয়েছে। কারণ একটাই—এই প্রযুক্তিপণ্যগুলো বর্তমান সময়ের চল। স্মার্টঘড়ি, ইন্টারনেটে যুক্ত বুদ্ধিমান বাড়ি ও স্মার্ট ড্রোন এবারের মেলার প্রধান আকর্ষণ।
চৌকোর বদলে গোল স্মার্টঘড়ি
অ্যাপলওয়াচ চলতি বছরের গত প্রান্তিকে অ্যাপলের জন্য বয়ে এনেছে আশাতীত ফল। সে তুলনায় অ্যান্ড্রয়েড ছিল নিষ্প্রভ। এবারের মেলায় স্যামসাং, হুয়াই এবং এলজি সে অভাবই ঘুচিয়েছে। অ্যান্ড্রয়েড ওয়্যারচালিত চমৎকার কিছু ঘড়ি দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর স্টলে। তবে চৌকো না, বরং গোল ডায়ালের স্মার্টঘড়ি এবারের চল বলা চলে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে অ্যাপল ব্যবহারকারীদের অনেকেই হয়তো এবার অ্যান্ড্রয়েডের ঘড়ি হাতে তুলে নেবেন।
স্বয়ংক্রিয়ভাবে ঘরের কাজ
আইএফএ ২০১৫-কে বরং স্মার্ট পণ্যের মেলা বললে ভালো ব্যাখ্যা করা হয়। স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে কফি মেকার পর্যন্ত দেখা যাবে ঢের। শখের ফুলের গাছটিতে পানি দিতে ভুলে গেলেও সমস্যা নেই, ফরাসি প্রতিষ্ঠান প্যারটের সেন্সরযুক্ত পণ্য স্বয়ংক্রিয়ভাবে গাছে পানি দেবে। এক ইতালীয় প্রতিষ্ঠানের তৈরি স্বয়ংক্রিয় কুকার অ্যাপের মাধ্যমে নির্দেশ নিয়ে চমৎকার পাস্তা কিংবা স্টিক তৈরি করে দিচ্ছে। তবে চমকটি দেখিয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ‘স্মার্ট থিংস’ নামের একগুচ্ছ পণ্য আপনার ঘরের নিত্যদিনের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। চাইলে বদলে দিতে পারবেন কর্মসূচিও।
অনুসরণকারী ড্রোন
অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ, বিশেষ করে আকাশচারীদের জন্য সুখবর। পারফেক্ট ছবির জন্য রিমোট কন্ট্রোল ডানে-বাঁয়ে ঘুরিয়ে ড্রোন নিয়ন্ত্রণের আর দরকার নেই, ড্রোন এবার আপনাকেই অনুসরণ করবে নিজ থেকে। সিগন্যাল হারিয়ে ফেললে? ভয় নেই, ড্রোন পৌঁছে যাবে আপনার বাড়িতেই। ডিজেআই নামের প্রতিষ্ঠান এমনই এক ড্রোন দেখাচ্ছে মেলায়।
ত্রিমাত্রিক প্রিন্টার বাদ যাবে কেন? এটির উপস্থিতিও বেশ ভালো। খাবার প্রিন্ট করাটা ছিল এবারের আকর্ষণ। এ ছাড়া ত্রিমাতৃক শব্দের প্রযুক্তি আর কালি ছাড়া ছবি প্রিন্ট করার প্রযুক্তিও ছিল দেখার মতো।