স্মার্ট হেডলাইট!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষকেরা গাড়ির হেডলাইট নিয়ে গবেষণা করছেন। তাঁরা এমন হেডলাইট তৈরিতে কাজ করছেন, যা বৃষ্টি পড়ার বিষয়টি পর্যবেক্ষণ করে সে অনুসারে আলোর রশ্মি স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেবে।কুয়াশা বা ঝড়-বৃষ্টির মধ্যে গাড়ি চালানো কষ্টকরই বটে। গাড়ির হেডলাইটের তীব্র আলো জ্বেলেও সামনে কী রয়েছে, তা পরিষ্কারভাবে দেখা যায় না। এমন পরিস্থিতিতে গাড়ি চালালে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। তবে কার্নেগি মেলনের গবেষকদের স্মার্ট হেডলাইটের বদৌলতে ভবিষ্যতে হয়তো এই দুর্ঘটনার আশঙ্কা কিছুটা হলেও কমবে।গবেষক শ্রীনিবাস নারাসিমান এ প্রসঙ্গে জানিয়েছেন, গাড়ি যদি বজ্র-বৃষ্টিপাতের মধ্যেও পড়ে, এ স্মার্ট হেডলাইটের আলোয় চালকের চোখে তা কেবল গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টিপাতের মতোই মনে হবে।এই হেডলাইটে আলো নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে ক্যামেরা সেন্সর। যা তুষারপাত বা বৃষ্টির গতিকে মাপতে পারে, এরপর সেই মাপ অনুসারে একটি বিশেষ কম্পিউটারে আগে থেকে প্রোগ্রাম করে রাখা হিসেবের সঙ্গে মিলিয়ে সে অনুসারে আলোক রশ্মি নির্গত করে। আর পুরো পদ্ধতিটি ঘটতে সময় লাগে কয়েক মিলি সেকেন্ড মাত্র। এই আলোর পার্থক্য চোখে ধরা পড়ে না। তাই মুষলধারে বৃষ্টি হলেও গাড়ির হেডলাইটের আলোয় তা কেবল ইলশেগুঁড়ি মনে হয়।গবেষকেরা জানিয়েছেন, গবেষণা পর্যায়ে তাঁরা গাড়ির গতি কম থাকার সময় এই হেডলাইটের ক্ষেত্রে ভালো ফল পেয়েছেন। গাড়ির গতি বেশি হলে এই হেডলাইটের আলো দিয়ে তুষারপাত, কুয়াশা বা বৃষ্টির মধ্যে পরিষ্কারভাবে দেখার সম্ভাবনা কিছুটা কমে যায়।আগামী কয়েক বছরের মধ্যেই এই হেডলাইট গাড়িতে লাগানোর জন্য বাজারে আসতে পারে।