স্মার্টওয়াচ আনছে ব্ল্যাকবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন স্মার্টওয়াচ আনতে পারে ব্ল্যাকবেরি
নতুন স্মার্টওয়াচ আনতে পারে ব্ল্যাকবেরি

পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে অ্যাপল, স্যামসাং কিংবা এলজির পাশাপাশি এগিয়ে এসেছে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরিও রয়েছে এই তালিকায়।

ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন সম্প্রতি জানিয়েছেন, শিগগিরই পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে আসছে ব্ল্যাকবেরি। বর্তমানে স্মার্টওয়াচ ও স্মার্টগ্লাস তৈরিতে গবেষণা করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সুপার মোবিলিটি সম্মেলনে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী স্মার্টওয়াচ তৈরির এই পরিকল্পনার কথা জানান।

চেন বলেন, ‘আমি আশা করছি পরিধেয় প্রযুক্তি পণ্যে ব্ল্যাকবেরি মেসেঞ্জার (বিবিএম) থাকবে। এই ক্ষেত্রটি নিয়ে আমাদের পরীক্ষা চালানোর সুযোগ রয়েছে।’
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, ব্ল্যাকবেরি যদি নতুন স্মার্টওয়াচ তৈরির কাজ শুরু করে তবে তা প্রতিষ্ঠানটির জন্য দারুণ একটি বিষয় হবে। দীর্ঘদিন ধরেই অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর আড়ালে পড়ে রয়েছে ব্ল্যাকবেরি। সম্প্রতি অ্যাপল ও স্যামসাং স্মার্টওয়াচ বাজারে এনেছে। অথচ একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা ব্ল্যাকবেরিকে প্রযুক্তি বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকার লড়াই করতে হচ্ছে।
বাজার-বিশ্লেষকেরা বলছেন, গত বছরের নভেম্বরে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহীর দায়িত্বে আসা জন চেন নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনার মাধ্যমে নতুন পথ দেখাচ্ছেন।