স্মার্টওয়াচ আনছে মাইক্রোসফট!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা এ ধারণা করছেন। অবশ্য পরিধেয় প্রযুক্তিপণ্য নিয়ে এখনই খুব বেশি কথাবার্তা বলছে না বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা এই প্রতিষ্ঠানটি।
২০১২ সালে এ সংক্রান্ত একটি পেটেন্টের আবেদন করেছিল মাইক্রোসফট কর্তৃপক্ষ যা সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস অনুমোদন দিয়েছে।
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের পেটেন্ট আবেদনে জমা দেওয়া ডায়াগ্রাম ও বর্ণনা থেকে প্রযুক্তি-বিশেষজ্ঞরা ধারণা করছেন, মাইক্রোসফটের স্মার্টওয়াচে বিশেষ সেন্সর থাকবে যা শরীর-বৃত্তিক বিভিন্ন তথ্য পেতে সাহায্য করবে। স্মার্টওয়াচে থাকবে ইন্টারঅ্যাকটিভ টাচ প্যানেল। স্বচ্ছ অ্যালুমিনিয়ামের কাঠামোতে তৈরি এই স্মার্টওয়াচ আসতে পারে ‘সারফেস’ ব্র্যান্ড নাম নিয়ে। বর্তমানে সারফেস ব্র্যান্ডের উইন্ডোজ ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফট।
এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দেড় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত সারফেস স্মার্টওয়াচের প্রোটোটাইপ তৈরি করে তা পরীক্ষা করে দেখছেন মাইক্রোসফটের সারফেস বিভাগের কর্মকর্তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছে, টাচ স্ক্রিন সুবিধার বিশেষ ধরনের স্মার্ট হাতঘড়িটিতে বিভিন্ন ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফট ভবিষ্যতের কথা মাথায় রেখেই ছোট আকারের প্রযুক্তি পণ্য ও পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজারে আসার পরিকল্পনা করেছে। মাইক্রোসফট ছাড়াও স্মার্ট হাতঘড়ি তৈরিতে কাজ করছে অ্যাপলসহ এক ডজনের বেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান।