স্মার্টওয়াচ তৈরিতে একজোট টাইটান ও এইচপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইটানের তৈরি স্মার্টওয়াচ
টাইটানের তৈরি স্মার্টওয়াচ

প্রযুক্তিপণ্য নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি) ও ঘড়ি নির্মাতা টাইটান একজোট হয়ে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ বাজারে আনছে। শিগগিরই এ স্মার্টওয়াচ বাজারে আসবে বলে জানিয়েছেন টাইটানের সহপ্রধান নির্বাহী এস রবি কান্ত।

টাইটানের এক বিবৃতিতে বলা হয়, এইচপি ও টাইটান সম্প্রতি প্রযুক্তিপণ্য তৈরিতে চুক্তি করেছে। উদ্ভাবনী প্রযুক্তিপণ্য তৈরি, নকশা ও প্রযুক্তিসুবিধা দিতে এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

টাইটানের সহপ্রধান নির্বাহী এস রবি কান্ত বলেন, এ বছরের শেষ নাগাদ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে স্মার্টওয়াচ আনবে টাইটান ও এইচপি। দুটি প্রতিষ্ঠান মিলে অনন্য জীবনধারার পণ্য বাজারে আনবে। প্রচলিত সময় দেখার পদ্ধতিকে বদলে দেবে নতুন ধরনের এই স্মার্টওয়াচগুলো।

এইচপি ইনকরপোরেশনের পরিধেয় প্রযুক্তিপণ্য ও স্মার্ট প্ল্যাটফর্ম বিভাগের ব্যবস্থাপক শ্রীধর সলুর বলেন, যদিও ব্যক্তিগত স্টাইল হচ্ছে ব্যক্তিগত অভিব্যক্তির প্রকাশ, কিন্তু বাজারের কিছু স্মার্ট প্রযুক্তিপণ্য গ্রাহককে কিছু ফাংশনের কারণে ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশে ছাড় দিতে বাধ্য করছে। আমাদের উদ্ভাবনী ঐতিহ্য ফ্যাশন সচেতন ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রযুক্তি যুক্ত করছে। এতে গ্রাহকেরা স্টাইলিশ ঘড়ির সঙ্গে আধুনিক যুগের প্রযুক্তি সুবিধা পাচ্ছেন।