
মুঠোফোনে বাংলা লেখার চাহিদা বহুদিন থেকেই। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ বিষয়টির সমাধান আরও সহজ হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত যেখানে সব স্মার্টফোনে বাংলা লেখাপড়ার ব্যবস্থা ছিল না সেখানে এখন অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোন এবং ট্যাবলেটে বাড়তি কোনো অ্যাপ ইনস্টল না করেই বাংলা পড়া যায় সাবলীলভাবে। পাশাপাশি মূল অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকছে বাংলা লেখার কিবোর্ড।


কম্পিউটারে বাংলা লেখার যতগুলো জনপ্রিয় কিবোর্ড লেআউট আছে তার প্রায় সবই পাওয়া যায় স্মার্টফোনে। অ্যান্ড্রয়েডে বাংলা লেখার জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে রয়েছে রিদ্মিক, বিজয় ও মায়াবী কিবোর্ড। রিদ্মিক ও মায়াবী কিবোর্ড দিয়ে অভ্র ফোনেটিক ও ফিক্সড কিবোর্ডে লেখার সুযোগ আছে। বিজয় কিবোর্ড অ্যাপ দিয়ে লেখা যাবে বিজয় কিবোর্ড লেআউট অনুসরণ করে। এগুলো অ্যান্ডয়েডের সব সংস্করণেই কাজ করে।
স্মার্টফোনে বাংলা লেখা নিয়ে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা যে হারে বাড়ছে তার চেয়ে কয়েক গুণ বেশি দ্রুতগতিতে বাড়ছে স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা। এই ব্যবহারকারীদের কথা ভেবেই মুঠোফোনে বাংলা লেখার জন্য বিজয় কিবোর্ডটি প্রকাশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী এই অ্যাপটি বিনা মূল্যে নামানো যায়। তিনি উল্লেখ করেন যে নতুন ব্যবহারকারীদের মধ্যে বাংলা লেখার আগ্রহ অনেক বেশি।

অ্যান্ড্রয়েড ফোনের ভাষা ও কিবোর্ড সেটিংস থেকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা সক্রিয় করে নিলে লেখার জন্য বাংলা কিবোর্ডটিও সক্রিয় হয়ে যাবে। এটি গুগলের তৈরি করা। এসএমএস, ই-মেইল ওয়েব ব্রাউজারসহ অন্যান্য সব অ্যাপ থেকে সহজেই ভাষা পরিবর্তন করে বাংলায় লেখা যাবে।
আইফোন ও আইপ্যাডে কিছুদিন আগে পর্যন্ত নতুন কোনো কিবোর্ড লেআউট যোগ করার সুযোগ ছিল না। তখন কিছুটা ভিন্ন পদ্ধতির অ্যাপ ব্যবহার করে বাংলা লিখতে হতো। কিন্তু বর্তমানে আইওএসে বাংলা লেখার জন্য একটি কিবোর্ড যুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করার জন্য সেটিংস থেকে সক্রিয় করে নিতে হবে।
সামগ্রিকভাবে কম্পিউটার ও মুঠোফোনের মাধ্যমে বাংলার ব্যবহার বাড়ছে। আর এই চাহিদা থেকেই এসব যন্ত্রের মাধ্যমে বাংলা লেখার ব্যবহারকারীর সংখ্যার বেড়ে চলছে দ্রুতগতিতে।