স্মার্টফোনের বিক্রি বেড়েছে

স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইডিসির বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে ৩৫ কোটি ৫২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে যা গত বছরের এই সময়ের চেয়ে ছয় দশমিক ৮ শতাংশ বেশি। প্রান্তিক হিসেবে এটি স্মার্টফোন বিক্রির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
স্মার্টফোন বিক্রিতে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। ৮ কোটি ৪৫ লাখ ইউনিট হ্যান্ডসেট বিক্রি করে বাজারের সাড়ে ২৩ শতাংশ দখল করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান। চার কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। বাজারের সাড়ে ১৩ শতাংশ অ্যাপলের দখলে। বছরের তৃতীয় প্রান্তিকে দুই কোটি ৬৫ লাখ হ্যান্ডসেট বিক্রি করে চীনের হুয়াই তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বাজারে সাড়ে সাত শতাংশ হুয়াইয়ের দখলে। চার ও পাঁচ নম্বরে আছে লেনোভো ও শিয়াওমি।
আইডিসির গবেষকেরা বলছেন, বাজারে হাই অ্যান্ড বা বেশি দামি ফোনের মধ্যে স্যামসাং ও অ্যাপলের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে। স্যামসাং ও অ্যাপল দুটি প্রতিষ্ঠানই এ বছর নতুন স্মার্টফোন বাজারে এনেছে। বছরের তৃতীয় প্রান্তিকে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে বেশি আগ্রহ দেখিয়েছেন ক্রেতারা।