স্মার্টফোন অসামাজিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন ‘অসামাজিক’—এমন মন্তব্য করেছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর মতে, পরিধেয় প্রযুক্তিপণ্যের এ যুগে স্মার্টফোন সামাজিকতা হারিয়েছে। মানুষের দিকে না তাকিয়ে, তাদের সঙ্গে কথা না বলে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করাটা ‘অসামাজিক’। সের্গেই ব্রিন জানান, মানুষকে ‘স্মার্ট’ করে তুলতে গুগল আনছে স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।গত বুধবার লস অ্যাঞ্জেলেসে ‘টেকনোলজি, এডুকেশন অ্যান্ড ডিজাইন’ বা ‘টেড ২০১৩’ সম্মেলনে গুগল গ্লাসের তথ্য উপস্থাপন করেন সের্গেই ব্রিন।গুগলের এ প্রযুক্তি চশমার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যাটারি, যার শক্তিতে চলে চশমার সঙ্গে যুক্ত ক্ষুদ্র একটি কম্পিউটার। চশমার সাহায্যে ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ, অডিও ধারণ করার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। ইন্টারনেট ব্রাউজ করা ও মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে এ চশমার সাহায্যে। সম্প্রতি এ চশমার কার্যকারিতা পরীক্ষা করতে চশমা পরা সাধারণ যাত্রীর বেশে রেলভ্রমণ করেছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গুগলের সহপ্রতিষ্ঠাতা আশা করছেন, মানুষকে আরও ডিজিটাল ও স্মার্ট করতে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে আর সামাজিক করতে আসছে গুগল গ্লাস।ধারণা করা হচ্ছে, চলতি বছরেই বাজারে আসবে গুগলের স্মার্ট গ্লাস। এ চশমার দাম হতে পারে এক হাজার ৫০০ ডলার থেকে তিন হাজার ডলারের মধ্যে।প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগে ব্লগাররা মন্তব্য করছেন, স্মার্টফোন যদি অসামাজিক হয়, তবে সামাজিক পণ্য তৈরিতে গুগল কত অর্থই না বিনিয়োগ করেছে!