স্মার্টফোন আনছে ‘ফেসবুক’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন আনছে ফেসবুক। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্মার্টফোন তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছেন। স্মার্টফোন তৈরির প্রকল্পে অ্যাপলের সাবেক কয়েকজন কর্মকর্তাকে নিয়োগও দিয়েছেন তিনি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ২০১৩ সাল নাগাদ ‘স্মার্টফোন’ বাজারে আনতে পারে ফেসবুক। সম্প্রতি নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে ফেসবুক প্রকৌশলীরা স্মার্টফোনের হার্ডওয়্যার নিয়ে কাজ করছেন। অবশ্য এর আগেও একাধিকবার স্মার্টফোন তৈরির চেষ্টা করেছে ফেসবুক। কিন্তু বিভিন্ন জটিলতার মুখে পড়ে সফল হতে পারেনি। ফেসবুকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, স্মার্টফোন তৈরির ক্ষেত্রে এটা ফেসবুক কর্তৃপক্ষের তৃতীয় প্রচেষ্টা। এদিকে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী গুগল যখন মটোরোলা মোবিলিটি কিনে হার্ডওয়্যার প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল তখনই ফেসবুক স্মার্টফোন তৈরি করছে এমন খবর রটল।প্রসঙ্গত, ২০১০ সাল থেকেই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে ফেসবুক স্মার্টফোন তৈরির গুজব রয়েছে। কিন্তু এ গুজবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কোনো সাড়া দেননি। তবে অল থিংস ডি নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, প্রযুক্তি পণ্য নির্মাতা এইচটিসি ও ফেসবুক একসঙ্গে ‘বাফি’ নামে একটি স্মার্টফোন তৈরি করছে। ‘বাফি’ স্মার্টফোনটি শিগগিরই হয়তো বাজারে ছাড়বে এইচটিসি। এদিকে ম্যাশেবল জানিয়েছে, ‘বাফি’ নামের স্মার্টফোনটির পাশাপাশি ফেসবুক নিজস্ব স্মার্টফোন তৈরির জন্য চেষ্টা করছে। স্মার্টফোন তৈরির কাজ শুরু করতে ফেসবুক নতুন করে প্রকৌশলী নিয়োগও দিচ্ছে।