
একবার একটা দামি স্মার্টফোনের সঙ্গে প্রেম হয় কম দামি সাধারণ মুঠোফোনের। তারা বিয়েও করে ফেলে।
কিন্তু তাদের সংসারে সুখ নেই। কারণ—
সাধারণ মুঠোফোনের অভিযোগ
১. স্মার্টফোন খুব গুরুত্বপূর্ণ সময়ে হ্যাং করে। হ্যাং করে সব প্রেম-ভালোবাসা মাটি করে দেয়। এ বিষয়ে স্মার্টফোন জানায়, এটা টেকনিক্যাল প্রবলেম। বড় বড় মানুষের এ রকম প্রবলেম থাকে!
২. স্মার্টফোন সময় দেয় না। সারাক্ষণ নানা অকাজে ব্যস্ত থাকে। এ বিষয়ে স্মার্টফোন বলে, ‘স্মার্টরা একটু ব্যস্তই হয়।’
৩. স্মার্টফোনের চরিত্রে সমস্যা আছে। মেয়েদের ছবি তুলে বেড়ায়। সেগুলো আবার এডিট করে সুন্দরও করে দেয়।
৪. সারা রাত ঘুমায় না। খটখট করে। কাজের কথা বললেই বলে, ‘আমার চার্জ নাই। পরে দেখা যাবে।’
৫. স্মার্টফোন দুর্বল। বেশিক্ষণ চার্জ থাকে না। এ নিয়ে ডাক্তারের কাছে যেতে বললে স্মার্টফোন জানায়, আমি এ রকমই!
স্মার্টফোনের অভিযোগ
১. সাধারণ মুঠোফোন অল্পতেই কাতর হয়ে যায়। সামান্য পানি লাগলে সর্দি, কাশি, হাঁচি দিতে দিতে জীবন শেষ করে ফেলে। এ বিষয়ে সাধারণ মুঠোফোন বলে, ‘এটা আমার দোষ নয়, স্মার্টফোন আমার জ্বালা কীভাবে বুঝবে! আমি তো ওয়াটারপ্রুফও নই!’
২. গ্রাম্য ও খ্যাত। এই বিষয়ে সাধারণ মুঠোফোন জানায়, ‘সবকিছু দেখেই তো ভালোবাসছে। এখন কেন এত কথা বলছে?’
৩. বাজেভাবে রাত-বিরাতে বেজে ওঠে। খ্যাত সাউন্ড। ঘুমের সমস্যা হয়। জবাবে সাধারণ মুঠোফোন বলে, ‘যাও, কোকিল বিয়ে করে আনো।’
৪. ক্যামেরা নাই। ছবি তোলা যায় না। একটা সেলফিও তোলা হলো না। অথচ আমার ক্যামেরা দিয়ে ও কত সেলফি তুলেছে। কিছু বললেই আবার বলে আমরা খানদানি বংশ। আমাদের টর্চ আছে। এ বিষয়ে সাধারণ মুঠোফোনের বক্তব্য, ‘আমি কি ওর মতো নষ্টামি করি যে ক্যামেরা লাগবে?’
৫. আনস্মার্ট। এ রকম আনস্মার্ট একজনকে নিয়ে সংসার করা যায়?
পাঠকদের উদ্দেশে প্রশ্ন: স্মার্টফোন আর সাধারণ মুঠোফোনের সংসার কি টিকবে?