স্মার্টফোন এক্সপোতে সাশ্রয়ী ট্যাব ও স্মার্টফোন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া স্মার্টফোন এক্সপোতে সাশ্রয়ী দামের ট্যাবলেট ও স্মার্টফোন পাওয়া যাচ্ছে। আট হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে ট্যাবলেট কেনা যাচ্ছে এ মেলায়। এছাড়াও মেলায় বিভিন্ন পণ্য কিনলে রয়েছে উপহার। বিশেষ অফারে টেলিটক থ্রিজি সিম ও ফ্ল্যাশ নামের মডেমও পাওয়া যাচ্ছে।মেলায় সাশ্রয়ী দামের স্মার্টফোন ও ট্যাবলেটের খোঁজ করছেন আগ্রহীরা। মেলায় তরুণদের আগ্রহ বেশি।আজ শুক্রবার সকালে তিন দিনের স্মার্টফোন এক্সপো উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্মার্টফোন মেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে তরুণ প্রজন্মের মধ্যে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। তাই স্মার্টফোনের দাম সামর্থ্যের মধ্যে থাকা প্রয়োজন।স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুস, নকিয়া, আইফোন, জেডটিইসহ সব ব্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাচ্ছে। টেলিটক থ্রি-জি মেলার প্রধান পৃষ্ঠপোষক।মেলার আয়োজক এক্সপো মেকারের তথ্য অনুযায়ী, স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে আয়োজিত দেশের প্রথম মেলা এটি। সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে রাত আটটা পর্যন্ত।মেলার সাতটি প্যাভিলিয়নে মোট ১৭টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শিত হচ্ছে।