স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য পেনড্রাইভ

এবার স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য পেনড্রাইভ এনেছে জাপানের ইলেকট্রনিকস পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি করপোরেশন। স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য এটিই প্রথম পেনড্রাইভ। এত দিন ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্য পেনড্রাইভ ছিল। নতুন পেনড্রাইভগুলো ইউএসবি ২ দশমিক শূন্য এবং মাইক্রোইউএসবি কানেক্টর সুবিধাযুক্ত। ফলে এ পেনড্রাইভ ডেস্কটপ ও ল্যাপটপেও ব্যবহার করা যাবে।
সনি ইলেকট্রনিকসের কনজিউমার মিডিয়া মার্কেটিং বিভাগের পরিচালক ভিভিয়ানো ক্যান্টো বলেন, স্মার্টফোনে নানা ধরনের কাজ সহজে যেমন একই যন্ত্রে করা যায়, তেমনি এ পেনড্রাইভ দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার—সবকিছুতেই কাজ করা যাবে। নতুন পেনড্রাইভটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের আইসক্রিস স্যান্ডউইচ থেকে শুরু করে জেলি বিন সংস্করণে ব্যবহার করা যাবে। খুব শিগগির অ্যান্ড্রয়েডের ৪ দশমিক ৪ কিটক্যাট সংস্করণেও যাতে ব্যবহার করা যায়, সে সুবিধাও চালু করা হবে বলে জানিয়েছে সনি কর্তৃপক্ষ।
নতুন এ পেনড্রাইভের ফলে এখন স্মার্টফোন কিংবা ট্যাবলেটের বাড়তি তথ্য সহজেই পেনড্রাইভে রেখে ব্যবহার করা যাবে। বর্তমানে ৮, ১৬ ও ৩২ গিগাবাইটের পেনড্রাইভ বাজারে আসবে। এগুলোর দাম ধরা ১৯ দশমিক ৯৯, ২৯ দশমিক ৯৯ ও ৬৩ দশমিক ৯৯ ডলার। আগামী বছরের জানুয়ারিতেই নতুন এ পেনড্রাইভ বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এ পেনড্রাইভের ব্যাপারে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে ক্রেতাদের মধ্যে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম