স্মার্টফোন ও ট্যাবলেটের সেরা অ্যাপস
২০১২ সালে স্মার্টফোন ও ট্যাবলেটে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ্লিকেশনের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাংরি বার্ডস, ইনস্টাগ্রাম ও ফেসবুক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাংরি বার্ডস, ইনস্টাগ্রাম ও ফেসবুকের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টফোনে নতুন অনেক অ্যাপ্লিকেশন জনপ্রিয় হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য-বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্লারি জানিয়েছে, ২০১২ সালে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারকারীরা তাঁদের পণ্যে প্রতিদিন গড়ে দুই ঘণ্টা করে অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, যা ২০১১ সালের চেয়ে ৩৫ শতাংশ বেশি। ফ্লারির গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালে অ্যাপ্লিকেশনের ব্যবহার আরও বাড়বে।মোবাইল মার্কেটিং কোম্পানি ফিকসুর ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ পাল্লি জানিয়েছেন, ২০১২ সাল ছিল অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক পরিবর্তনের বছর। এই সময়ে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজের উপযোগী বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা শুরু করেছেন। অ্যাপলের অ্যাপ স্টোরে বিনামূল্যের অ্যাপ্লিকেশনের তালিকায় সামাজিক যোগাযোগ, মিডিয়া, বিনোদন, ফটো এডিটিং ও গেম অ্যাপ্লিকেশনের চাহিদা ছিল।