স্মার্টফোন ও ট্যাবের মেলা শুরু

আজ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘রবি স্মার্টফোন ও ট্যাব মেলা’। মেলায় বিশেষ ছাড় ও উপহারে স্মার্টফোন, ট্যাব ও প্রযুক্তিপণ্য কেনা যাচ্ছে। মেলার আয়োজক এক্সপো মেকার।
মেলা শুরু প্রসঙ্গে আয়োজকেরা বলেন, ‘মেলা শুরু থেকেই জমজমাট। অনেক বড় পরিসরে মেলা হচ্ছে। প্রচুর ছাড় আর অফার আছে মেলায়। অনেক ব্র্যান্ডের অংশগ্রহণ এবার। প্রচুর ছাড় পেয়ে ক্রেতারা খুশি।’
মেলায় স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপো, হুয়াই, ম্যাক্সিমাস, সনি, র্যাংগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শিয়াওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মেইজু, আইনল, ডিএক্স জেনারেশন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় বিশেষ ছাড় ও অফারে বিক্রি হচ্ছে ফোন ও ট্যাব।
মেলা উদ্বোধন
আজ বেলা তিনটায় মেলা উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফা জব্বার ও এভারেস্ট বিজয়ী মুসা ইবরাহীম। এছাড়া বক্তব্য রাখেন রবির কমিউনিকেশনস ও করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, এলিটের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাকুল মনি, গোল্ডবার্গের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ, হুয়াইয়ের হেড অব সেলস আবদুস সাদাত কবির প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, ২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশে ভিশন শুরু হয়। এখন এটি আর স্বপ্ন নয়, অনেকাংশেই বাস্তব। সরকার সব সময় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি আমরা। ২০০৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৭ বার ইন্টারনেটের দাম কমানো হয়েছে, যাতে দেশে ব্যবহারকারীরা সহজে ও কমদামে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বর্তমানের দেশের ৪ কোটি ৮৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। যার প্রায় ৯৭ শতাংশই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।
মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। দ্রুতই তা বাস্তবায়ন হবে। স্মার্টফোন বা ট্যাবের মতো যন্ত্র শুধু ফেসবুক ব্যবহারের জন্য নয়, শিক্ষার ও দৈনন্দিন কাজে লাগাতে হবে।
মেলায় ছাড় ও অফার
মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাবে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং। স্যামসাং বাংলাদেশের স্টলে ৬ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি এইস নেক্সট ২ পাওয়া যাবে ৬ হাজার ৪০০ টাকায়। একইভাবে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি কোর প্রাইম ও গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমও ৫০০ টাকা কমে পাওয়া যাবে। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৫, গ্যালাক্সি এস ৬, গ্যালাক্সি জে৫ সহ ১৬ হাজার টাকার বেশি মূল্যের ডিভাইসগুলোতে এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ৭৯ হাজার ৯০০ টাকার গ্যালাক্সি এস ৬ এজ ডিভাইসটিতে নগদ তিন হাজার টাকা মূল্যছাড় ও উপহার হিসেবে ওয়্যারলেস চার্জার পাওয়া যাবে।
মেলায় সিগেট ব্রান্ডের এক টেরাবাইট হার্ডডিস্কের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশে পণ্যটির পরিবেশক স্মার্ট টেকনোলজিস। এসটি ১০০০ ডিএম ০০৩ মডেলের এই হার্ডডিস্কটি মেলায় চার হাজার ৫০০ টাকা পরিবর্তে চার্জার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও টুইনমস ব্রান্ডের ট্যাবলেট টুইনট্যাবে মূল্যহ্রাস এবং একটি আগোরা শপিং ভাউচার ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন ও ট্যাব মেলায় দেশের স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ বিশেষ অফার ঘোষণা করেছে। মেলাতে হ্যান্ডসেট কিনে স্ক্র্যাচকার্ড ঘষে তিনজন পাবেন সিঙ্গাপুর যাওয়ার সুযোগ। মেলায় গোল্ডবার্গের গেমিং জোনে গেম খেলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ স্কোর করে জিতে নিতে পারবেন একটি গোল্ডবার্গ স্মার্টফোন। এ ছাড়া স্ক্র্যাচকার্ড ঘষে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। টি-শার্ট, চাবির রিংসহ নিশ্চিত ডিসকাউন্ট কুপন রয়েছে।
মেলা উপলক্ষে নয় শতাংশ ছাড়ে স্মার্টফোন বিক্রি করছে হুয়াই। প্রতিটি হুয়াই পিএইট লাইট, জিসেভেন এবং মেট ৭ কিনলে বিনা মূল্যে ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে।
মেলার বিশেষ আয়োজন
মেলার আয়োজকেরা জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেলায় বিশেষ প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও প্রদর্শন করা হবে।
মেলা উপলক্ষে এক্সপোর অফিশিয়াল ফেসবুক পেজে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে এক্সপো মেকার। এই প্রতিযোগিতায় বিজয়ীরা উপহার হিসেবে ট্যাব ও স্মার্টফোন পাবেন।
মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে ও পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ঢুকতে পারবেন।